Kolkata Municipal Election

কলকাতার পুরভোট নিয়ে আইনি লড়াই তুঙ্গে, রাজ্যের পর এ বার সুপ্রিম কোর্টে পুরসভাও, শুনানি সোমবারেই

পুরসভার দাবি, আইন মেনেই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। তাই পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর হাই কোর্টের স্থগিতাদেশ খারিজ করা হোক। বৃহস্পতিবার এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে পুরসভার আইনজীবী প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করেন।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ১০:৫৭

কলকাতার পুরভোট ঘোষণায় কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে কলকাতা পুরসভা এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। এর আগে একই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার শীর্ষ আদালতে মামলা করেছিল। পুরসভার দাবি, আইন মেনেই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। তাই পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর হাই কোর্টের স্থগিতাদেশ খারিজ করা হোক। বৃহস্পতিবার এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে পুরসভার আইনজীবী প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে প্রধান বিচারপতি জানান, আগামী সোমবার এই সংক্রান্ত সব মামলার একসঙ্গে শুনানি হবে।

গত ৬ নভেম্বর কলকাতার পুরভোট ঘোষণার উপর হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছিল, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। যদিও সিঙ্গল বেঞ্চের তরফে ভোট ঘোষণার উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। শুধু রাজ্য ও মামলাকারীর কাছে হলফনামা চাওয়া হয়েছিল। চলতি মাসের শেষ সপ্তাহে সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানির কথা রয়েছে। এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এ বার পৃথক মামলা করল কলকাতা পুরসভাও।

পুরভোটের আয়োজক রাজ্য নির্বাচন কমিশন ছাড়াও বিজেপি, মমতা তৃণমূল এবং সিপিএমকে এই মামলায় যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মেয়রের পদত্যাগের জেরে কলকাতা পুরসভার পুরবোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যেই কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়। গত ১১ সেপ্টেম্বর রাজ্যের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন সিপিএম নেতা দীপু দাস। তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার সংখ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি তাঁর। পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় আইন মানা হয়নি বলেও অভিযোগ করেন মামলাকারী।

মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার আইনগত ক্ষমতা পুর কমিশনারের নেই। অথচ এই ক্ষেত্রেই পুর কমিশনার সেই কাজ করেছেন। তাই ভোট ঘোষণার আগে পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সিপিএম। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মামলাটি এখনও বিচারাধীন।

অন্য দিকে, এই মামলায় নিজেদের বক্তব্য শোনার সুযোগ চেয়ে সুপ্রিম কোর্টে পৃথক ক্যাভিয়েট দাখিল করেছে মমতা তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফেও ক্যাভিয়েট জমা দেওয়া হয়েছে। তাঁদের আবেদন, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের বক্তব্য শোনা হোক। একতরফা কোনও নির্দেশ যাতে জারি না হয়, সেই আর্জিও জানানো হয়েছে। সব মিলিয়ে কলকাতার পুরভোটের ভবিষ্যৎ কোন দিকে এগোয়, এখন নজর আগামী সোমবারের সুপ্রিম কোর্টের শুনানিতে।


Share