Explosive Seized

প্রজাতন্ত্র দিবসের আগে অসমের উদ্ধার ১০ হাজার ডিটোনেটর! বিপুল পরিমাণ বিস্ফোরক সমেত রেলপুলিশের হাতে গ্রেফতার যুবক

নিরাপত্তা সংস্থাগুলি উদ্ধার হওয়া ডিটোনেটরগুলি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ ছাড়াও, কয়েকটি কাগজপত্র তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে। সেগুলি খতিয়ে দেখছে পুলিশ।

ধৃতের নাম অখিল আলি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:৪০

প্রজাতন্ত্র দিবসের আগে অসমে বড়সড় উদ্ধার হল বিস্ফোরক। সীমান্তবর্তী শ্রীভূমি জেলায় বদরপুর রেলওয়ে স্টেশন থেকে রেলপুলিশ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর অসমের রেল স্টেশনগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

ধৃত যুবকের নাম অখিল আলি। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বদরপুর রেলওয়ে স্টেশনের নিয়মিত নিরাপত্তা তল্লাশি অভিযান চলছিল। সেই সময় ১ নম্বর প্ল্যাটফর্মের সামনে আব্দুলকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে। তাকে আটক করে তল্লাশি চালায় রেলপুলিশ। তার পরেই বিপুল পরিমাণ এই বিস্ফোরক উদ্ধার হয়।

ধৃত অখিল আলি অসমের শ্রীভূমি জেলার নিলামবাজার থানার এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১০ হাজার বিস্ফোরক ডিটোনেটর উদ্ধার হয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিরাপত্তা সংস্থাগুলি উদ্ধার হওয়া ডিটোনেটরগুলি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ ছাড়াও, কয়েকটি কাগজপত্র তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে। সেগুলি খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনার পর রেলস্টেশন ও অন্যান্য স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার কোনও ধরনের হুমকি আছে কি না, তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অসম পুলিশের এক কর্তা।


Share