Train Accident

আগুন লাগার গুজব শুনে চলন্ত ট্রেন থেকে পাশের লাইনে ঝাঁপ, বিপরীত দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু চার জনের

রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। মধ‍্যপ্রদেশের হেতমপুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনার চার জনের মৃত্যু হয়েছে। জখমদের চিকিৎসা চলছে।

মধ্যপ্রদেশ রেল দুর্ঘটনায় চার জনের মৃত্যু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১০:১২

ট্রেনে আগুন লাগার গুজব শুনে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ মারেন যাত্রীরা। সেই মুহূর্তেই পাশের লাইনে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। জখমদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার বিকেলে মধ‍্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

রবিবার মোরেনা জেলায় হেতমপুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ দিন বিকেল প্রায় ৪টা ১৫ মিনিট নাগাদ খাজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সেই সময়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামা শুরু করেন। সেই সময় পাশের লাইনে দ্রুতগতিতে পাতালকোট এক্সপ্রেস চলে আসে। 

সেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। বেশ কয়েক জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করেন নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন, আফরিন (৩৫), আসাদ (৪), শকুন্তলা (৬০) এবং বিরমা দেবী (৫৮)।

ঘটনার খবর পেয়ে রেলপুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। এক পুলিশ আধিকারিক জানান, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। জখম যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। 

ঘটনায় উত্তর-মধ্য রেল জানিয়েছে হয়েছে, ১৯৬৬৫ খাজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে এক যাত্রীর অ্যালার্ম চেন টানার কারণে ট্রেনটি হেতমপুর-ধৌলপুর রেল সেকশনে থেমে যায়। ট্রেন থামার পর কয়েক জন যাত্রী নেমে পাশের রেললাইনে চলে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ২০৪২৪ ফিরোজপুর-সিওনি পাটালকোট এক্সপ্রেসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ ও ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে রেল তদন্ত শুরু করেছে।


Share