Intoxicated Drink

বিষমদের বিষে মধ্যপ্রদেশে পাঁচ জনের মৃত্যু, আশঙ্কাজনক আরও ছয়, নামী ব্র্যান্ডের আড়ালে ভেজাল মদের কারবারের অভিযোগ

প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন সাগরের জেলাশাসক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মধ্যপ্রদেশ
  • শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩০

মধ্যপ্রদেশে ফের বিষ মদের আতঙ্ক। বিষাক্ত মদ খেয়ে শনিবার রাতে সাগর জেলার বরাজ গ্রামে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গুরুতর অসুস্থ আরও কয়েক জন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। অভিযোগ, নামী ব্র্যান্ডের মদের আড়ালেই ভেজাল মদের কারবার চলছে। মদের মধ্যে কী ধরনের বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন সাগরের জেলাশাসক।

পুলিশ সুপার অনুরাগ সুজানিয়া জানান, শনিবার রাতে বরাজ গ্রামে কয়েক জন একসঙ্গে মদ্যপান করছিলেন। আচমকাই তাঁদের মধ্যে কয়েক জন অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পাঁচ জনকে রাতেই মৃত বলে ঘোষণা করেন। আরও ছ’জন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। প্রাথমিক ভাবে বিষক্রিয়ার কারণেই পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন এসপি। ঘটনায় এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার পরই মধ্যপ্রদেশের ওই গ্রামে আবগারি দফতর অভিযান চালায়। স্থানীয় একটি দোকান থেকে একাধিক মদের বোতল বাজেয়াপ্ত করা হয়। সেগুলির নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই এক স্থানীয় ঠিকাদার এলাকায় বিষমদ সরবরাহের অভিযোগ জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, ‘বম্বে হুইস্কি’ ব্র্যান্ডের আড়ালে মদে ভেজাল মেশানো হচ্ছে এবং সেই মদই বিভিন্ন স্থানীয় দোকানে সরবরাহ করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর দিন চারেক আগে বিষয়টি নিয়ে আবগারি দফতর বৈঠকও করে। সেই বৈঠকে একাধিক ঠিকাদার ভেজাল মদ সরবরাহের অভিযোগে সরব হন এবং দ্রুত পদক্ষেপের দাবি জানান। 


Share