Accident

উত্তরপ্রদেশের হাতরাসে যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ছয়, জখম আরোও ন'জন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্রার দিকে যাওয়ার পথে একটি দ্রুতগতির ইকো ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলতে থাকা একটি ডবল ডেকার বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জন যাত্রীর।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশ
  • শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০২:৩৩

উত্তরপ্রদেশের হাতরাস জেলায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ছ’জনের। গুরুতর জখম হয়েছেন আরও নয়জন। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে সাদাবাদ থানার অন্তর্গত ১৪১ নম্বর মাইলস্টোনের কাছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্রার দিকে যাওয়ার পথে একটি দ্রুতগতির ইকো ভ্যান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলতে থাকা একটি ডবল ডেকার বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জন যাত্রীর।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষজনও উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছ’জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আগ্রার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন আগ্রার শামশাবাদের বাসিন্দা বিজয়, তাঁর স্ত্রী পিঙ্কি ও নাথু দেবী। এছাড়া ঢোলপুরের বাসিন্দা দিনেশ, তাঁর স্ত্রী সুনিতা এবং লোকেশের নামও মৃতদের তালিকায় রয়েছে।

পুলিশ জানিয়েছে, ইকো ভ্যানটির গতি অত্যন্ত বেশি ছিল। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে অন্য কোনও যান্ত্রিক ত্রুটি বা অবহেলার বিষয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাদাবাদ থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় বিশেষ নজরদারি  মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।


Share