Petrol & Diesel

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির মাঝেই স্বস্তির বার্তা, ই-২২ থেকে ই-৩০ জ্বালানিতে কর ছাড় ঘোষণা কেন্দ্রের

অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-২২, ই-২৫, ই-২৭ এবং ই-৩০ শ্রেণির জ্বালানির ক্ষেত্রে এই শুল্কছাড় কার্যকর হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৫:৩৭

দেশে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ২২ থেকে ৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলের উপর আবগারি শুল্ক সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-২২, ই-২৫, ই-২৭ এবং ই-৩০ শ্রেণির জ্বালানির ক্ষেত্রে এই শুল্কছাড় কার্যকর হবে।

দেশে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে কেন্দ্র দীর্ঘদিন ধরেই ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারে উৎসাহ দিয়ে আসছে। এর আগে ২০ শতাংশ ইথানল মিশ্রিত ই-২০ জ্বালানি চালু করা হয়েছিল। এবার আরও বেশি মাত্রায় ইথানল ব্যবহারের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি কেন্দ্র ই-৮৫ জ্বালানিও চালু করেছে, যেখানে ইথানলের পরিমাণ ৮৫ শতাংশ। দিল্লির একটি পেট্রল পাম্পে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী নিজে ই-৮৫ জ্বালানি সরবরাহের সূচনা করেন। এর পরই ২২-৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলের উপর শুল্কছাড়ের ঘোষণা কেন্দ্রের জ্বালানি নীতির নতুন দিশা হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে ইথানল-ভিত্তিক জ্বালানির ব্যবহার আরও বাড়বে। ফলে অপরিশোধিত তেল আমদানির প্রয়োজন কিছুটা কমতে পারে এবং বৈদেশিক মুদ্রার উপর চাপও হ্রাস পাবে। বর্তমানে ভারতের জ্বালানি চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করা হয়। সেই কারণে জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

এদিকে, জ্বালানির অপচয় রোধেও বারবার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রয়োজন অনুযায়ী বাড়ি থেকে কাজ করা, গণপরিবহণ ব্যবহার এবং কারপুলিংয়ের মতো উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, গত মাসে দফায় দফায় পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিল। ১৫ মে থেকে ২৫ মে-র মধ্যে চার দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি হয়। ওই সময়কালে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম মোট সাত টাকারও বেশি বেড়েছিল। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিকল্প ও তুলনামূলকভাবে সাশ্রয়ী জ্বালানির দিকে আকৃষ্ট করতেই কেন্দ্রের এই শুল্কছাড়ের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 


Share