Road Accident

অমরনাথ যাত্রা শেষে ফেরার পথে বিপত্তি, ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত ৩৯ জন তীর্থযাত্রী

জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় ৪০ জনের মধ্যে ৩৯ জন আহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতালে যান উপরাজ্যপাল মনোজ সিনহা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, জম্মু ও কাশ্মীর
  • শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০৪:২২

দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছিল অমরনাথ যাত্রা। কিন্তু মঙ্গলবার ফেরার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন একদল তীর্থযাত্রী। জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার গুন্ড এলাকার হরিগনিওয়ানের এস-মোডে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় বাসে থাকা ৪০ জনের মধ্যে ৩৯ জন আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটির নম্বর এআর১১ ডি৫৬৫৫। বাসটি অমরনাথ দর্শন সেরে ফিরছিল। পথের একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি রাস্তা ছেড়ে একটি বাড়ির উপর গিয়ে পড়ে। ধাক্কায় বাড়ির একাংশ ভেঙে যায়। তবে খুব অল্পের জন্য বাসটি গভীর খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। ফলে আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু করা হয়।

ঘটনার পর জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি জানান, গান্ডেরবালের ডেপুটি কমিশনার এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির বিষয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন। এক্স-এ করা পোস্টে তিনি উল্লেখ করেন, বাবা বরফানির দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনায় আহত ৩৯ জন তীর্থযাত্রী বর্তমানে এসকেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন। তাঁদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।


Share