Middle East Conflict

হরমুজে হামলার জবাবে ইরানে অভিযান আমেরিকার! যুদ্ধের হুঁশিয়ারি জেডি ভান্সের, ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া

হামলার পর সমাজমাধ্যমে কড়া বার্তা দেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানান, ইরান সংঘর্ষবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেও তার শর্ত লঙ্ঘন করেছে।

ইরানে হামলা চালাল আমেরিকা।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১২:৪৪

হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনার জেরে ফের ইরানে সামরিক অভিযান চালাল আমেরিকা। আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের দাবি, শুক্রবার ইরানের উপকূলবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় র‍্যাডার স্থাপনায় নির্দিষ্ট হামলা চালানো হয়েছে। আমেরিকার অভিযোগ, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত ভেঙে ইরানই ওই জাহাজে হামলা চালিয়েছিল।

হামলার পর সমাজমাধ্যমে কড়া বার্তা দেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানান, ইরান সংঘর্ষবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেও তার শর্ত লঙ্ঘন করেছে। তাঁর হুঁশিয়ারি, আলোচনার পথ খোলা থাকলেও হিংসার জবাব হিংসাতেই দেওয়া হবে।

তবে জাহাজে হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তেহরান। ইরানের দাবি, আমেরিকাই চুক্তি ভেঙে হামলা চালিয়েছে এবং সেই অভিযোগ তাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। একই সঙ্গে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর উপর তারা ফের নিয়ন্ত্রণ জোরদার করবে এবং পশ্চিম এশিয়ার দেশগুলিকে আমেরিকার পাশে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। ফলে দুই দেশের মধ্যে সদ্য হওয়া সমঝোতা ভবিষ্যতে টিকবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সেন্টকম ইরানের উপকূলে হামলার বিষয়টি নিশ্চিত করলেও, ইরানের পাল্টা হামলায় আমেরিকার বাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। অন্য দিকে, ইরানের দাবি, তারা ওই অঞ্চলে থাকা আমেরিকার ঘাঁটিগুলিকেও লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে।

এ দিকে, একই দিনে আমেরিকার মধ্যস্থতায় লেবানন ও ইজরায়েলের মধ্যে হিজবুল্লা-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে হিজবুল্লাকে নিরস্ত্র করা এবং লেবানন থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হলেও, হিজবুল্লা ইতিমধ্যেই জানিয়েছে তারা এই চুক্তিতে সহযোগিতা করবে না। ফলে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ।


Share