Middle East Conflict

ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ‘না’ ট্রাম্পের, হরমুজ খোলাতেও আপত্তি! ফের তেহরানে হামলার ইঙ্গিত

শুধু তাই নয়, সংঘাতের জেরে বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছে ওয়াশিংটন।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১

সাত দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির যে প্রস্তাব ইরান দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সংঘাতের জেরে বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকার আধিকারিকের দাবি, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ফের তেহরানে আমেরিকা হামলা চালাতে পারে।

সম্প্রতি রাষ্ট্রসংঘে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে শান্তির প্রস্তাব পাঠিয়েছে তেহরান। ইরানের তরফে জানানো হয়েছিল, চুক্তি হলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতিতে যাওয়ার বিষয়ে তারা প্রস্তুত। কিন্তু ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অবস্থান সেই সম্ভাবনাকে আপাতত অনিশ্চিত করে তুলেছে। ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং হরমুজ প্রণালী খোলার বিষয়ে আপত্তির জেরে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত থামার সম্ভাবনা আরও কঠিন হয়ে উঠেছে।

উল্লেখ্য, ইরানের শীর্ষ কূটনীতিক বলেছিলেন, “কোনও চুক্তিতে পৌঁছোনো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যদি আমেরিকার সত্যিই আন্তরিকতা থাকে, তাহলে বাকিটা প্রস্তুতই রয়েছে।” পাশাপাশি আমেরিকার এক কর্মকর্তাও সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন যে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘ইতিবাচক ও গঠনমূলক আলোচনা’ চলছে। কিন্তু ট্রাম্পের মনোভাব প্রকাশ্যে আসতেই সেই জল্পনা যেন ‘মিথ্যে’ হয়ে গেল।

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাব আত্মরক্ষার স্বার্থেই দিয়েছে তেহরান। তাঁর দাবি, ইরান সন্ত্রাসবাদী নয়, বরং হামলার শিকার। দেশের নিরাপত্তার জন্য ইরানকে শক্তিশালী হতে হবে বলেও তিনি বার্তা দেন। তবে সেই শক্তি আধিপত্য বিস্তারের কাজে ব্যবহার করা হবে না বলে পেজেস্কিয়ান জানান। একইসঙ্গে হুঁশিয়ারি দেন, ইরানের উপর হামলা হলে তার জবাব দেওয়া হবে।

অর্থাৎ, কূটনীতির দরজা খোলা রাখলেও নিজেদের প্রতিরক্ষা ও পাল্টা জবাবের অবস্থান থেকে সরছে না তেহরান। অন্য দিকে, যুদ্ধ থামাতে নতুন করে আলোচনা ও শান্তি প্রস্তাবের উদ্যোগ সামনে এসেছে। কিন্তু তার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া মন্তব্য এবং ইরানকে ঘিরে তাঁর অনড় অবস্থান আপাত সংঘর্ষবিরতির সম্ভাবনাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।


Share