Donald Trump

‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’, ট্রাম্পের বিস্ফোরক দাবি, হরমুজে জাহাজে হামলার অভিযোগে ফের বাড়ল পশ্চিম এশিয়ার উত্তেজনা

ট্রাম্প বলেন, “আমরা ওদের পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছি, আর এখন আমরা সম্পূর্ণ শক্ত অবস্থান থেকে আলোচনা করছি। ওরাও সেটা জানে।’’

আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০১:৩২

সুইৎজারল্যান্ডের বার্গেনস্টকে প্রথম দফার শান্তি বৈঠক কোনও নির্দিষ্ট রফাসূত্র ছাড়াই শেষ হওয়ার পর থেকেই ইরানের উপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ‘‘আমরা পূর্ণ শক্তি নিয়ে মজবুত অবস্থান থেকে আলোচনা চালাচ্ছি।’’ সেই সঙ্গেই তাঁর দাবি, ‘‘তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছোতে আগ্রহী।’’

কৃষকদের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানে আমেরিকার সামরিক অভিযানেরও সাফাই দেন। তাঁর দাবি, এই অভিযানের ফলে আলোচনার টেবিলে ওয়াশিংটনের দরকষাকষির ক্ষমতা আরও বেড়েছে। ট্রাম্প বলেন, “আমরা ওদের পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছি, আর এখন আমরা সম্পূর্ণ শক্ত অবস্থান থেকে আলোচনা করছি। ওরাও সেটা জানে।’’ তাঁর দাবি, ইরান তাদের সঙ্গে খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়। সম্ভবত তারা তা করবে।

ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাঁর কথায়, “ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হতো, তা ইজরায়েল, গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের নিরাপত্তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াত।”

একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধবিরতির পর হরমুজ় প্রণালী স্বাভাবিকভাবেই সচল রয়েছে। তাঁর বক্তব্য, “গতকাল এই প্রণালী দিয়ে এক কোটি ৯০ লক্ষ ব্যারেল তেল পরিবাহিত হয়েছে, যা একটি রেকর্ড।”

তবে ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। ওমানের দাহিট বন্দরের কাছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এভার লাভলি’-কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

উল্লেখ্য, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-কে ঘিরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের প্রস্তাব তেহরান খারিজ করার পর সম্প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে বৃহস্পতিবার তাঁর সুর ছিল তুলনামূলক নরম। এমনকি তিনি বলেন, ভবিষ্যতে ইরান আমেরিকার কৃষিপণ্যের একটি সম্ভাব্য বড় বাজার হয়ে উঠতে পারে।


Share