Middle East Conflict

দুবাইয়ে ফের বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, তেহরানের নিশানায় কি উপসাগরের আর্থিক রাজধানী?

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, শহরের কেন্দ্রস্থলে পরপর একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে শহরের বিভিন্ন ভবনে হামলার দাবি করা হয়েছে।

দুবাই-এ বিস্ফোরণ
নিজস্ব সংবাদদাতা, দুবাই
  • শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৪:৩৯

ফের কি তেহরানের নিশানায় দুবাই? শুক্রবার সকালেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল বিশ্বের অন্যতম ধনী এই শহর। ঘটনাকে ঘিরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, শহরের কেন্দ্রস্থলে পরপর একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে শহরের বিভিন্ন ভবনে হামলার দাবি করা হয়েছে। ওই এলাকাতেই বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খালিফা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের কেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের একাধিক বহুতল কেঁপে ওঠে। এরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দূর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

ইউএই-এর সরকারি সূত্রের দাবি, এটি সম্ভবত একটি ‘মাইনর ড্রোন ইনসিডেন্ট’। কর্তৃপক্ষ জানিয়েছে, আল বদা এলাকায় ড্রোন সংক্রান্ত একটি ঘটনার পর বিস্ফোরণ ঘটে। ড্রোনটি প্রতিহত করা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে বলেও জানা গিয়েছে। তবে ধ্বংসাবশেষ শহরের কয়েকটি অংশে পড়ে একটি ভবনের ক্ষতি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।

ওয়াকিবহল মহলের মতে, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের-এর সামরিক অভিযানের জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। সেই প্রেক্ষিতেই দুবাই-সহ গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলিও নিশানায় এসেছে বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর গোটা দুবাইয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও বিশ্বের অন্যতম নিরাপদ ও আর্থিকভাবে গুরুত্বপূর্ণ শহরে বারবার হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ার সংঘাত হওয়ার পর থেকে আমিরশাহিও একাধিকবার হামলার মুখে পড়েছে।


Share