Assembly Election

ভোটের দিনেই তৃণমূল-বিজেপি মুখোমুখি, মমতার তোপ কমিশনের দিকে, শুভেন্দুর দাবি 'সব ভোট বিজেপির ঝুলিতে'

অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রে মমতার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন বুথ পরিদর্শনে বের হন। তাঁর দাবি, অধিকাংশ ভোটই বিজেপির পক্ষে পড়ছে।

শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৯:২২

বুথ পরিদর্শনে বেরিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপির নির্দেশেই কাজ করছে কমিশন। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, যা গণতান্ত্রিক ভোটপ্রক্রিয়ার পরিপন্থী। পরিস্থিতিকে ‘টেরোরিজম’ বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রে মমতার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন বুথ পরিদর্শনে বের হন। তাঁর দাবি, অধিকাংশ ভোটই বিজেপির পক্ষে পড়ছে।

ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতেও যান মমতা। যদিও তিনি গাড়ি থেকে নামেননি, গাড়ির ভেতর থেকেই কিছুক্ষণ কথা বলেন ফিরহাদের সঙ্গে। সূত্রের দাবি, ভবানীপুর কেন্দ্রের ভোট পরিস্থিতি ও বুথভিত্তিক খোঁজখবর নিতেই এই সাক্ষাৎ।

উল্লেখ্য, চেতলায় ফিরহাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযানের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এ নিয়ে কলকাতা হাই কোর্টেও প্রসঙ্গ ওঠে। ফিরহাদের দাবি, শান্তিপূর্ণ এলাকায় এই ধরনের তৎপরতা মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করছে। তবে পুরো ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share