Assembly Election

ভাঙড়ে নওশাদকে ঘিরে বিক্ষোভ, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নওশাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ, ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে অশান্তি তৈরির অভিযোগ তুললেও তা অস্বীকার করেছে শাসকদল।

ভাঙড়ে নওশাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৪:২৮

দ্বিতীয় দফার ভোটের দিন দিকে দিকে অশান্তির ঘটনা সামনে আসছে। বাদ পরল না ভাঙড়ও। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভের ঘটনায় ভাঙড়ে উত্তেজনা ছড়াল। সাঁইহাটি এলাকার একটি বুথের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ, তিনি বুথ পরিদর্শনে গিয়েছিলেন। ওই এলাকায় পৌঁছোতেই তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ দেখান। যদিও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় ঢোকার পরই নওশাদ সিদ্দিকিকে ঘিরে স্লোগান শুরু হয়। তার জেরে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নওশাদের দাবি, শুরুতে পরিবেশ শান্তই ছিল। কিন্তু তৃণমূল কর্মীরা ইচ্ছাকৃত ভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করেন। অন্য দিকে, ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, কিছু মানুষ তাঁকে উদ্দেশ্য করে বলেন, এলাকায় তাঁকে দেখা যায় না। তিনি কোনও কাজ করেননি। সেই দাবিতেই বিক্ষোভ দেখায়। এর জবাবে নওশাদ বলেন, তিনি এলাকায় প্রায় ৩০ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। অভিযোগকারীদের তিনি ‘তৃণমূলের দালাল’ বলেও কটাক্ষ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। ফলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এ দিকে, হুগলির খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় পৃথক মভাবে আরও এক বিতর্ক সামনে এসেছে। ১৪৭ ও ১৪৭ নম্বর বুথে আইএসএফের পোলিং এজেন্টের ফর্ম নকল করে ভুয়ো এজেন্ট বসানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ। আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন ঘটনাস্থলে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের জানান, ওই দুই ব্যক্তি তাঁদের দলের নয়। এরপর তাঁদের বুথ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বুথের বাইরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারপিটের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Share