Assembly Election

কালীঘাটে বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, লাঠিচার্জ করে জমায়েত হটাল পুলিশ

শুভেন্দু অধিকারী বলেন, “এ সব যত করবে, তত আমার ভোট বাড়বে। ভবানীপুর ভদ্রলোকেদের জায়গা। এখানে এ সব করে লাভ নেই।”

শুভেন্দু অধিকার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০১:৫৪

কালীঘাটে বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরে তৃণমূলের সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। ওঠে ‘চোর’ স্লোগান। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর অভিযোগ, বিক্ষোভকারীরা বহিরাগত। তাঁর ওপর হামলার চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। অতিরিক্ত সিআরপিএফ মোতায়েনের অনুরোধ করেন শুভেন্দু।

সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরে পরিদর্শন করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতোই বুধবার দুপুরে তিনি ৭৩ নম্বর ওয়ার্ডের জয় হিন্দ স্কুলের ২১৭ এবং ২১৮ নম্বর বুথে যান। সেখানে যেতেই পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ আচমকাই, তাঁকে দেখে একদল তৃণমূল কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। ‘চোর চোর’ স্লোগান ওঠে। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয় বিজেপির কর্মীরা।

এর পরেই উত্তেজনা ছড়ায়। সেখানে রণক্ষেত্রের চেহারা নেয়। কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা বহিরাগত। তাঁরা ভবানীপুরের ভোটার নন। এমনকী, তাঁর উপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তিনি বলেন, “এ সব যত করবে, তত আমার ভোট বাড়বে। ভবানীপুর ভদ্রলোকেদের জায়গা। এখানে এ সব করে লাভ নেই।”

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “৮০ শতাংশ ভোট হলে আমি জিতব। ৯০ শতাংশ ভোট হলে, কমফোর্টেবল মার্জিনে জিতব। ৭৭ নম্বর ওয়ার্ড বাদে বাকি সব জায়গায় আমার লিড থাকবে। ৭৭ নম্বর ওয়ার্ডে ওরা যা করছিল, তা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ওদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে”

তিনি সেখান থেকেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান। পরিস্থিতি সামাল দিতে তিনি কেন্দ্রীয় বাহিনীকে ফোন করে দ্রুত আসার অনুরোধ জানান। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে লাঠিচার্জ করেছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কলকাতা পুলিশও লাঠিচার্জ করে জমায়েত হটিয়ে দিয়েছে। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

অন্যদিকে তৃণমূলের দাবি, এলাকায় শান্তিপূর্ণ ভোট চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ঘিরে উত্তেজনা তৈরির চেষ্টা করেছেন শুভেন্দুই। শুভেন্দুর ওপরে যদি হামলার কোনও ঘটনার ঘটে থাকে তাহলে প্রমাণ করুক।


Share