Assembly Election

ফলতায় ইভিএমে ‘সাদা টেপ’ বিতর্ক! বিজেপির অভিযোগে তোলপাড়, পুননির্বাচনের ইঙ্গিত নির্বাচন কমিশনের

এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, যেখানে যেখানে ইভিএমে কালো বা সাদা টেপ দেখা গিয়েছে, সেই সব বুথে পুনর্নির্বাচন করা হবে।

ইভিএম মেশিন
নিজস্ব সংবাদদাতা, ফলতা
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৪:০৪

ফলতায় ইভিএমে বিজেপির প্রতীকের ওপরে সাদা টেপ লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে এই অভিযোগ তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, ওই বিধানসভার ১৪৪ ও ১৮৯ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। ওই দু’টি বুথে পুননির্বাচনের দাবি করেছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, যেখানে যেখানে ইভিএমে কালো বা সাদা টেপ দেখা গিয়েছে, সেই সব বুথে পুনর্নির্বাচন করা হবে। এমনকী, কোনও একটি বিধানসভা কেন্দ্রে যদি একাধিক বুথে এ ধরনের ঘটনা ঘটে, তবে পুরো কেন্দ্রেই পুনর্নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

বুধবার দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এরই মধ্যে ফলতার এই ইভিএম বিতর্ক নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অমিত মালব্য তাঁর পোস্টে দাবি করেছেন, একাধিক বুথে বিজেপির প্রতীকের বোতাম টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে ভোটাররা নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে না পারেন।

অন্যদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবহিত করেছেন। তবে যে ভিডিয়োটি সামনে এসেছে, তাতে শুধু বিজেপি নয়, সিপিএমের প্রতীকের পাশেও সাদা টেপ লাগানো রয়েছে বলে দেখা যাচ্ছে।

মনোজকুমার আগরওয়াল বলেন, “যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েব কাস্টিংয়ে দেখেছি, যা অবজারভার রিপোর্ট এসেছে, ওখান জিরো টলারেন্সে পদক্ষেপ করা হবে। আমরা আগাম বললাম, এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে রিপোল হবে।” যেখানে আতর পাওয়া গিয়েছে, সেখানেও রিপোল হবে।

জানা যাচ্ছে, ফলতার ২৫২, ২৩৫,২২৬, ১৮৬, ২৪১ বুথে আতর লাগানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে রিপোর্ট চেয়েছেন কমিশন। সিইও জানিয়েছেন, রিপোর্ট সত্যি প্রমাণিত হলে রিপোল হবে। মগরাহাট থেকেও একই অভিযোগ উঠেছে।  কমিশন সূত্রে খবর, রিপোল হলে আগামীকাল বা পরশু হতে পারে।


Share