Mothabari Incident

‘আমি তদন্তে সহযোগিতা করব’, এনআইএ জেরার আগে বার্তা মোফাক্কেরুলের, নতুন করে উঠল সাবিনা যোগের প্রশ্ন

জানা গিয়েছে, পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যেই মোফাক্কেরুল ইসলাম জানিয়েছেন, এনআইএ তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন। পাশাপাশি, এই ঘটনায় সাবিনা ইয়াসমিনের কোনও ভূমিকা রয়েছে কি না, সে বিষয়ে এই মুহূর্তে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি।

মোফাক্কেরুল ইসলাম
নিজস্ব সংবাদদাতা, কালিয়াচক
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১২:২৪

কালিয়াচককাণ্ডে অন‍্যতম ‘মূলচক্রী’ অভিযুক্ত হিসেবে মোফাক্কেরুল ইসলামকে আগে গ্রেফতার করেছিল সিআইডি। এ বার তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে এনআইএ। যদিও মোফাক্কেরুল ইসলামের আইনজীবীদের দাবি, এনআইএ-র তরফে হেফাজতের জন্য আনুষ্ঠানিক ‘পুট আপ’ এখনও তাঁদের হাতে পৌঁছোয়নি। তবু তদন্তকারী সংস্থার তরফে প্রস্তুতি চলছে বলেই জানা যাচ্ছে।

জানা গিয়েছে, পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্যেই মোফাক্কেরুল ইসলাম জানিয়েছেন, এনআইএ তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন। পাশাপাশি, এই ঘটনায় সাবিনা ইয়াসমিনের কোনও ভূমিকা রয়েছে কি না, সে বিষয়ে এই মুহূর্তে তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি।

তবে তাঁরই দলের নেতা তথা রেজাউল করিমের কথায়, “মাস্টারমাইন্ড কে, সেটা মালদহ কেন, গোটা বাংলার মানুষ জানেন। আমি যদি মুখে বলতে নাও চাই, মানুষ বুঝতে পারছে। যাঁকে গ্রেফতার করা হয়েছে, তিনি মাস্টারমাইন্ড নয়। সাবিনা ইয়াসমিন মাস্টারমাইন্ড। তাঁকেই গ্রেফতার করা উচিত।”

আদালতে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় জেল হেফাজতের নির্দেশ এলেও অন্য একটি মামলায় পুলিশ হেফাজতের মেয়াদ থাকায় আপাতত তাঁকে পুলিশি হেফাজতেই রাখা হয়েছে।

মোফাক্কেরুল ইসলামের পাশাপাশি অভিযুক্তদের তালিকায় রয়েছেন শাহজাহান আলি কাদরি, যিনি মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী। তাঁদের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ, প্ররোচনা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর-সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারী সূত্রে খবর, এনআইএ তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী।

অন্যদিকে, মোফাক্কেরুল ইসলামের আইনজীবীরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, ভোটব্যাঙ্কের স্বার্থে পরিকল্পিত ভাবে মোফাক্কেরুল ইসলামকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তুলে ধরে ফাঁসানো হয়েছে।


Share