Weather Update

শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ, সপ্তাহান্তে আবহাওয়ার উন্নতি, বাড়তে পারে তাপমাত্রার পারদ

এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম।

সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:৩২

পূর্বাভাস আগেই ছিল, সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু রাজ্যে। তবে বৃষ্টির স্থায়িত্ব শুক্রবার পর্যন্ত। সপ্তাহান্তে বৃষ্টির দাপট কমবে। সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার থেকে মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হবে। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।

দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টির দাপট। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এ ছাড়াও, মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে কালবৈশাখী সম্ভাবনা প্রবল। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার।

বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে হালকা রোদের দেখা মিলেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভোলবদল আবহাওয়ার। আকাশ কালো করে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম।


Share