Assembly Election

রক্ত ঝরল চাপড়ায়, বিজেপি এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ, উতপ্ত এলাকা

বিজেপি প্রার্থী সৈকত সরকারের দাবি, ভোর প্রায় ছ'টা নাগাদ মক পোল চলাকালীন তৃণমূল কর্মীরা বিজেপি এজেন্টকে বুথে কাজ করতে বাধা দেয়। এরপরই তাঁর ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করা হয়।

চাপড়ায় বিজেপি এজেন্টের মাথা ফাটানো হয়েছে
নিজস্ব সংবাদদাতা, চাপড়া
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১০:৫৯

চাপড়ার ৫৩ নম্বর বুথে ভোটের দিন হিংসার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। বিজেপির পোলিং এজেন্ট মোশারেফ মিরের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপি প্রার্থী সৈকত সরকারের দাবি, ভোর প্রায় ছ'টা নাগাদ মক পোল চলাকালীন তৃণমূল কর্মীরা বিজেপি এজেন্টকে বুথে কাজ করতে বাধা দেয়। এরপরই তাঁর ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করা হয়। ঘটনায় চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আহত এজেন্টের বক্তব্য, ভোর পাঁচটা ৪০ নাগাদ তিনি বুথে যাওয়ার সময় একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। প্রায় ১৫-১৬ জন মিলে রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে বলে অভিযোগ। তাঁর দাবি, হামলাকারীদের তিনি চিনতে পেরেছেন এবং তাঁদের মধ্যে স্থানীয় তৃণমূলের কর্মীরাও ছিলেন।

একই সঙ্গে তাঁর অভিযোগ, গত কয়েক দিন ধরেই এলাকায় ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। ঘটনাটি বুথ থেকে প্রায় ১০০ মিটার দূরে ঘটে।

এ দিকে, কালিকাতলা পঞ্চায়েতের ২০৮ নম্বর বুথ এলাকায়ও বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ বিজেপি কর্মী বিপ্লব মান্নার বাড়িতে গিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে ভোট দিতে বাধা দেওয়া হয়। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, সিঙ্গুরে উল্টো অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার দাবি, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীরা তৃণমূল সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে এবং অকারণে হয়রানি করছে। এই অভিযোগে প্রতিবাদ জানিয়ে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।


Share