Election Commission

রাজনৈতিক দলের প্রচারসামগ্রী তৈরি করেন পানিহাটির সেক্টর অফিসার, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

এই পরিস্থিতির মধ্যেই পানিহাটির এক সেক্টর অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৭:১৯

হাতে গোনা আর কয়েকদিন। তারপরেই বিধানসভা নির্বাচন। এ বারের নির্বাচনে রাজ্যের যে কয়েকটি কেন্দ্র বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দু, তার মধ্যে অন্যতম পানিহাটি বিধানসভা কেন্দ্র। কারণ এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের মা। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ।

এই পরিস্থিতির মধ্যেই পানিহাটির এক সেক্টর অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। শাসকদলের তরফে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, সেক্টর অফিসার অতনু চক্রবর্তী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি রাজনৈতিক দলের প্রচারসামগ্রী তৈরির কাজে যুক্ত ছিলেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ৩ এপ্রিল এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে কয়েক জনকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ও প্রচারসামগ্রী তৈরি করতে দেখা যায়। সেই ভিডিয়োর ভিত্তিতে অতনু চক্রবর্তীকেই শনাক্ত করা হয়েছে বলে দাবি তৃণমূলের। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়নি।

তৃণমূলের বক্তব্য, নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালনকালে কোনও সেক্টর অফিসারের এ ধরনের কর্মকাণ্ড শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বরং ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে। কারণ, এক জন সেক্টর অফিসারের উপর ভোটের আগে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা, নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখা এবং মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে।

অভিযোগে আরও বলা হয়েছে, কোনও রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি,  জন প্রতিনিধিত্ব আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার পরিপন্থী। এর ফলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে এবং ভোট প্রক্রিয়ার উপর আস্থাও ক্ষুণ্ণ হতে পারে।

তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। পাশাপাশি, আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনার আর্জিও জানানো হয়েছে।


Share