Assembly Election

‘২৩ মার্চের পর ফের দেখা হবে, বোঝানোও হবে,’ ২৪ ঘন্টার মধ্যেই জামিনে মুক্ত হয়ে বললেন তৃণমূল নেতা, ভোটারদের ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন

রাজু মন্ডলের জামিনে মুক্তির প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ পুলিশ কর্নপাত করছে না। জামিনযোগ‍্য ধারায় মামলা করলে, জামিন তো পাবেই।”

জামিনে মুক্তি পেলেন তৃণমূল নেতা রাজু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০২:০৫

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের রীতিমতো ভয় দেখিয়েছিলেন। হুমকি দিয়েছিলেন। এর পরেই নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ পদক্ষেপ করে। বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি নেতা রাজু মণ্ডলকে গ্রেফতার করে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই তিনি জামিনে মুক্তি পেয়ে গেলেন। জামিন পাওয়ার পরেই আবার ‘হুমকি’র সুর শোনা গেল তৃণমূল নেতার গলায়।

বহরমপুরের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়েছিলেন। ভোটের প্রচারের সময়, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই তৃণমূল নেতা রীতিমতো হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। ভোটারদের শাসানো হয়েছে, ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ ওঠে।

একটি ভাইরাল ভিডিয়োতে তৃণমূল নেতা রাজুকে বলতে শোনা যায়, “পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। ভোট গন্ডগোল হলে ভোট দিতে যাওয়ার দরকার নেই। ভোট দিতে হবে তৃণমূলকেই। বাড়িতে ছানাবড়া, রসোগোল্লা পাঠিয়ে দেবে। এ বছর যেন ভোট নষ্ট না হয়। খাতায় এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমাদের ক্যামেরা থাকবে। এ বার যা ভোট হবে, সব লাইভ হবে।”

ঘটনার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে উপযুক্ত ধারায় মামলা রুজু করে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেয়। শনিবার তৃণমূল নেতা রাজু মন্ডলকে গ্রেফতার করে। কিন্তু গ্রেফতার হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তিনি জামিনে মুক্তি পান। ব‍্যক্তিগত বন্ডে তাঁকে আদালত জামিন দেয়।

জামিন পাওয়ার পর, থানা থেকে বাইকে করে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা রাজু মণ্ডলের গলায় ফের হুমকির সুর শোনা গেল। তিনি বলেন, “আমি এখন কিছু বলব না। ২৩ তারিখের পর ফের দেখা হবে। তখনই বোঝানো হবে।”

তাঁর এ হেন বক্তব্যকে হুমকি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। কেন রাজু মণ্ডল ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। শনিবার থানা থেকে বাইকে বেরনোর সময় রাজু মণ্ডল আরও বলেন, “এইসব বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। আমি আমারটা নিয়ে থাকি। যা হবে ভোটের পর, যা হবে ২৩ তারিখের পর, যা কিছু হবে ২৩ তারিখের পর, যা কিছু হবে সব ২৩ তারিখের পর দেখা যাবে।”

তাঁর জামিনে মুক্তির প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ পুলিশ কর্নপাত করছে না। জামিনযোগ‍্য ধারায় মামলা করলে, জামিন তো পাবেই।”


Share