Election Commission

তামিলনাড়ু ভোটে পুলিশ অবজার্ভার সুপ্রতিম সরকার, মেডিকেল কারণে দায়িত্বে অনিশ্চয়তা

তবে সূত্রের খবর, মেডিকেল ইমার্জেন্সির কারণ দেখিয়ে তিনি জানিয়েছেন, এই দায়িত্ব পালনে আপাতত যেতে পারবেন না। যে পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলি হল তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরম।

সুপ্রতিম সরকার
নিজস্ব সংবাদদাতা, তামিলনাড়ু
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৬:০১

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে পুলিশ অবজার্ভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তাঁকে তিরুনেলভেলি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। ১ এপ্রিল কমিশনের তরফে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়। তবে সূত্রের খবর, মেডিকেল ইমার্জেন্সির কারণ দেখিয়ে তিনি জানিয়েছেন, এই দায়িত্ব পালনে আপাতত যেতে পারবেন না। যে পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলি হল তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরম।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি কলকাতা পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সুপ্রতিম সরকার। পরে ১৬ মার্চ নির্বাচন কমিশন তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয়। তাঁর জায়গায় দায়িত্ব পান অজয় কুমার নন্দ। এরপর সুপ্রতিম সরকারকে এডিজি-র দায়িত্ব দেওয়া হয়। একই দিনে রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডেকেও বদলি করা হয়েছিল।

এর আগে মার্চের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের আরও কয়েক জন আইপিএস অফিসারকে ভিনরাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই তালিকায় ছিলেন মুরলীধর শর্মা, সৈয়দ ওয়াকার রাজা, প্রবীণ ত্রিপাঠী, আমনদীপ এবং আকাশ মাঘারিয়া। যদিও পরে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।


Share