Assembly Election

তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় অনুব্রত মণ্ডল, প্রথম দফার জন‍্য ৪০ জনের তালিকা প্রকাশ করল শাসকদল

জেল থেকে বেরোনোর পর থেকেই অনুব্রতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছিল। কারণ, কারাবাসের সময় জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তিনি বীরভূমে ফেরার পর অবশ্য জেলা সংগঠনের কোর কমিটির আহ্বায়ক করা হয় তাঁকে।

অনুব্রত মণ্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১০:২১

বিধানসভা নির্বাচনের আগে ফের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এ বার শাসকদল তৃণমূলের প্রথম দফার ভোটের তারকা প্রচারকদের তালিকায় জায়গা করে নিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। শনিবার সর্বভারতীয় তৃণমূলের তরফে প্রকাশিত প্রথম দফার ভোটের প্রচারে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে অনুব্রতের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের অন্যতম তারকা-মুখ হিসাবে অনুব্রত প্রচারে সক্রিয় ছিলেন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তিনি জেলে থাকায় তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ পড়েছিলেন। গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে তাঁকে রাখা হয় আসানসোল সংশোধনাগারে, পরে ২০২৩ সালের মার্চ মাসে তাকে তিহার জেলে স্থানান্তরিত করা হয়েছিল। 

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ২০২৪ সালের ৩০ জুলাই সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। যদিও প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগে। ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে তিহাড় জেল থেকে মুক্তি পান তিনি। দু’বছর এক মাসেরও বেশি সময় জেলবন্দি ছিলেন এই তৃণমূল নেতা।

জেল থেকে বেরোনোর পর থেকেই অনুব্রতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছিল। কারণ, কারাবাসের সময় জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তিনি বীরভূমে ফেরার পর অবশ্য জেলা সংগঠনের কোর কমিটির আহ্বায়ক করা হয় তাঁকে। 

এ বার দলের তারকা প্রচারকের তালিকাতেও স্থান ফিরে পেলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এখন অনুব্রতের প্রমাণ করার লড়াই। জেল থেকে ফিরে কতটা সক্রিয় ভাবে প্রচারে অংশ নেন ‘কেষ্ট’ এবং তা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে, নজর থাকবে সে দিকে। উল্লেখ্য, তারকা প্রচারকদের তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৪০ জন নেতাকে জায়গা দেওয়া হয়েছে।


Share