Weather Update

ঢুকছে প্রচুর পরিমাণে জ্বলীয় বাষ্প, রাজ্যের আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যেটি উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস।

রাজ্যের আট জেলার ঝড় বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১১:৪৫

রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ। হুগলি, নদিয়ার পর রাজ্যের আট জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে মঙ্গল এবং বুধবার।

আজ রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ রবিবার এবং আগামিকাল সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।  মঙ্গলবার দুর্যোগ বাড়বে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টি। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।

কলকাতা-সহ বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। কলকাতা শহর দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ঝড়বৃষ্টির আশঙ্কা।


Share