Road Accident

মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন একই পরিবারের ন'জন

কোচিং সেন্টারের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চারচাকা গাড়িটি। তারপর রাস্তার ধারের গভীর কুয়োয় পড়ে যায়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৩:৪৬

মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনায় এক পরিবারের নয় জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নাসিক জেলার ডিন্ডোরি তালুকের শিবাজি নগর এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ একটি যাত্রীবোঝাই চারচাকা গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর রাস্তার ধারের একটি গভীর কুয়োর মধ্যে পড়ে যায়। গাড়িটিতে একই পরিবারের সদস্যরা ছিলেন। তাঁরা একটি কোচিং সেন্টারের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুনীল দাত্তু ডারগোডে (৩২), রেশমা সুনীল ডারগোডে (২৭), আশা অনিল ডারগোডে (৩২), খুশি (১৪), শ্রেয়াস (১১), শ্রাবণী (১১), সমৃদ্ধি (৭), রাখী এবং মাধুরী (১৩)। মৃতরা সকলেই মহারাষ্ট্রের ইন্দোর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে ডিন্ডোরি থানার পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সক্রিয় ভাবে অংশ নেন। গভীর রাত পর্যন্ত তল্লাশি ও উদ্ধার অভিযান চলে। কুয়ো থেকে একে একে সবাইকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁদের ডিন্ডোরি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পরে হাইড্রা ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও কুয়ো থেকে তোলা হয়।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পাশাপাশি, কুয়োর চারপাশে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়ে যায়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share