Assembly Election

দ্বিতীয় দফার ভোটের আগে কড়া নজরদারি, ৬০ ঘণ্টায় দু’হাজারে বেশি গ্রেফতার, জেলায় জেলায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনী

গত ৬০ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন ভোটমুখী এলাকা থেকে মোট দু'হাজার ৪৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কমিশনের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৮:২০

দ্বিতীয় দফার ভোটের আগে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। গত ৬০ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন ভোটমুখী এলাকা থেকে মোট দু'হাজার ৪৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কমিশনের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে পুলিশের টহলদারি, সক্রিয় রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় দফার আগে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ৪১ জন করে গ্রেফতার হয়েছেন। বুধবার সাত জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। এর আগে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে দ্বিতীয় দফাতেও যাতে কোনও রকম অশান্তি না ঘটে, সে দিকে কমিশন বিশেষ নজর দিচ্ছে। সেই কারণে অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং জেলায় জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, তল্লাশি অভিযান ও গ্রেফতারি।

শুধু সোমবার রাতেই ৮০৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। মঙ্গলবার সকাল থেকে সেই সংখ্যাও আরও বেড়েছে। যদিও এর মধ্যেই কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। সোমবার প্রচারের শেষ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার কনভয়ের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ও তাঁর সমর্থকেরা। ‘জয় বাংলা’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

তবুও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন। সূত্রের খবর, মূলত সম্ভাব্য ‘ঝামেলাবাজ’দেরই চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এর আগে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত এক হাজার ০৯৫ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছিল কমিশন। এবার ৬০ ঘণ্টার সামগ্রিক হিসাব প্রকাশ করা হল। তবে কোন জেলা থেকে ঠিক কী অভিযোগে এই গ্রেফতারি, তা বিস্তারিত জানানো হয়নি।

সোমবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারির নিরিখে শীর্ষে ছিল পূর্ব বর্ধমান, যেখানে ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়। দক্ষিণ ২৪ পরগনায় ধরা হয় ২৪৬ জনকে। নদিয়ায় এই সংখ্যা ছিল ৩২। এছাড়া হুগলি ও উত্তর ২৪ পরগনায় যথাক্রমে ৪৯ জন এবং ৩১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল।


Share