Assembly Election

পরিবর্তন না প্রত‍্যাবর্তন? রাত পোহালেই ২৯৩টি কেন্দ্রে হবে শুরু হবে গণনা, তুঙ্গে প্রস্তুতি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। গত ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। তার মধ্যে ফলতার নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১২:২০

পরিবর্তন না প্রত্যাবর্তন? রাত পোহালেই মানুষের রায় জানতে পারবেন। পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে আগামীকাল ৪ মে সোমবার ভোট গণনা। 

ফলতা বাদে কাল রাজ্যের ২৯৩ কেন্দ্রে ভোট গণনা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গণনাকেন্দ্র। কোথাও দু'মানুষ সমান উঁচু গার্ডরেল, কোথাও অস্থায়ী বাঙ্কার, কোথাও ড্রোনে নজরদারি। 

গণনাকেন্দ্রের বাইরেও সিসি ক্যামেরা। সব গণনাকেন্দ্রের সামনে ১৬৩ ধারা, জমায়েতে নিষেধাজ্ঞা। প্রত্যেক কাউন্টিং হলে একজন করে কাউন্টিং অবজার্ভার। গণনাকেন্দ্র গুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। 

কেউ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকলে, দায় কেন্দ্রীয় বাহিনীর, কড়া বার্তা কমিশনের। গণনা শেষ না হওয়া পর্যন্ত যেতে পারবেন না কাউন্টিং এজেন্ট, লাগবে রিটার্নিং অফিসারের অনুমতি। পুলিশের অনুমতি ছাড়া বিজয় মিছিলে 'না'। 

এ বার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়।

আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। 

ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে।


Share