Assembly Election

‘ভয় নয়, আসুক আস্থা সবাই চায় রাজ‍্যের উন্নয়ন’, ভোটপ্রচারের শেষদিনে পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, “আমি নিশ্চিত, ২৯ এপ্রিল আপনারা ভোট দানের এক নতুন রেকর্ড গড়বেন। তাঁর কথায়, ওই দিন এক ঐতিহাসিক মুহূর্তের নজির গড়তে চলেছে পশ্চিমবঙ্গ।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৭:২৬

প্রথম দফার নির্বাচন হয়েছে। কাল বাদে পরশু ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। ভোটপ্রচারের শেষ দিনে রাজ‍্যবাসীকে খোলা চিঠি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোট ঘোষণা হওয়ার পরে এই রাজ‍্যে একাধিক জনসভা এবং রোড শো করেছেন। দ্বিতীয় দফার নির্বাচনের আগে কলকাতায় রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি বলেন, “রাজ্যের প্রতিটি মানুষ উন্নয়ন চান। গোটা ভোটপ্রচারে আমি রাজ‍্যবাসীর ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি। এই ভালোবাসা এবং আশীর্বাদ আমাকে নতুন শক্তি দিয়েছে।”

সমাজমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “পশ্চিমবঙ্গে আমার প্রিয় পরিবারবর্গ। এটা গণতন্ত্রের উৎসব। আপনাদের সামনের বিজেপি বিজয়ের ধ্বজা ওড়ানোর এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।” তিনি এ-ও বলেন, এই নির্বাচনের সময় আমি অনুভব করেছি, তরুণ প্রজন্ম, মহিলা, কৃষকেরা নতুন ‘বিকশিত’ পশ্চিমবঙ্গ দেখতে কতটা উৎসুক। রাজ‍্যের তরুণেরা এগিয়ে যাওয়ার মুক্ত পরিসর চান। কন‍্যারা খোলা আকাশ এবং নিরাপত্তা চান। পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক এবং প্রতিটি পরিবার এখন একটি প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলেছেন— পরিবর্তনের সময় এসে গিয়েছে।” প্রধানমন্ত্রী জানান, ভয় নিয়ে অনেকটা দিন কেটে গিয়েছে। এখন আসুক আস্থা। তাই এখানে বিজেপির আসা দরকার। 

প্রথম দফার নির্বাচনে নজির স্থাপন করেছে পশ্চিমবঙ্গ। ১৫২টি আসনে ভোটদানের হার পৌঁছেছে ৯৩ শতাংশে। যা স্বাধীনতার পর সর্বাধিক। তাই গণতন্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ গণতন্ত্রকে এক সারিতে রেখে প্রধানমন্ত্রী বলেন, “আমি নিশ্চিত, ২৯ এপ্রিল আপনারা ভোট দানের এক নতুন রেকর্ড গড়বেন। তাঁর কথায়, ওই দিন এক ঐতিহাসিক মুহূর্তের নজির গড়তে চলেছে পশ্চিমবঙ্গ।” সোমবার প্রধানমন্ত্রী অডিয়ো বার্তা পাঠিয়ে নিজের মনের ভাব ব্যক্ত করেছেন।


Share