Assembly Election

মালদহে ভোটের আগে নিরাপত্তার বলয়, ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কড়া নজরদারিতে প্রথম দফা নির্বাচন

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার মালদায় মোট ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে এক কোম্পানি কেন্দ্রীয় মহিলা জওয়ানও থাকছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৬:১৮

২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচন। ওই দিনই মালদহ জেলাতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলায় নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার মালদহে মোট ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে এক কোম্পানি মহিলা জওয়ানও থাকছে। পাশাপাশি প্রায় তিন হাজার পুলিশ কর্মীও দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষায় ৩৬ জন আইসি এবং সাব-ইন্সপেক্টর ও অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মিলিয়ে প্রায় এক হাজার পুলিশ আধিকারিক মোতায়েন থাকবেন।

জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬। এর মধ্যে মহিলা ভোটার ১৩ লক্ষ ৪৯ হাজার ৬০৯ জন এবং পুরুষ ভোটার ১৪ লক্ষ ৪২ হাজার ৬০ জন। এ বারের এসআইআর প্রক্রিয়ায় প্রায় দু'লক্ষ ৪০ হাজার নাম তালিকা থেকে বাদ পড়েছে।

এর আগের নির্বাচনে একাধিক বার মালদহের অশান্তির খবর পাওয়া গিয়েছে। তাই এই ভোটকে কেন্দ্র করে কোনও রকম অশান্তি, ভীতি প্রদর্শন, প্রলোভন বা বুথ দখলের মতো ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে কড়া নজর রাখছে কমিশন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটারদের বুথে যেতে কোথাও বাধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পোলিং বুথ এবং তার আশপাশ এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি।

জেলায় মোট ৩২৭টি গাড়ি কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবে। পাশাপাশি ৩৭টি নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই অতি স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, মালদহে ভোট গণনা হবে মালদহ কলেজ এবং মালদহ পলিটেকনিক কলেজে।


Share