TMC Leader Arrested

‘গণনার পরে স্টিম রোলার চলবে,’ উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেফতার ক‍্যানিংয়ের পঞ্চায়েত প্রধান হাফিজুল

এর আগে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বহরমপুরের তৃণমূল নেতা রাজু মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। এ বার ক‍্যানিংয়ের তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল পুলিশ।

ধৃত তৃণমূল নেতার নাম হাফিজুল মোল্লা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১২:৩৭

মুর্শিদাবাদের পরে দক্ষিণ ২৪ পরগনার। উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ক‍্যানিংয়ের তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। 

পুলিশ সূত্রের খবর, ক‍্যানিংয়ের দেউলি-১ পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হাফিজুল মোল্লা উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। ভোটার দের হুমকি দিয়েছিলেন। অভিযোগ, জীবনতলার একটি সভা থেকে তিনি বলছেন, “গণনার দিন তাঁদের ওপর স্টিম রোলার চলবে।” ভিডিয়ো ভাইরাল হতেই কমিশনের নজরে তা আসে। তার পরেই রাজ‍্য পুলিশকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে পদক্ষেপ করতে নির্দেশ দেয়। গতকালই তৃণমূলের পঞ্চায়েত প্রধান হাফিজুল মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

ভাইরাল ভিডিয়োতে তৃণমূল নেতা হাফিজুল বলছেন, “আমাদের ২৯ তারিখ ভোট এবং ৪ মে গণনা। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে ‘স্টিম রোলার’ চলবে আমরা খোলা আকাশের নীচে বলে রাখছি। কারণ, এ লড়াই আমাদের জিততে হবে।”

প্রসঙ্গত, গতকাল ভোটারদের ভয় দেখানোর অভিযোগে বহরমপুর পুরসভার ৮ ওয়ার্ডের তৃণমূলের সভাপতি রাজু মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, “যদি ভোট গন্ডগোল (যদি বিজেপিকে ভোট দেওয়ার থাকে) হয়েছে, তাহলে ভোট দিতে যাওয়ার দরকার নেই। আমি বাড়িতে রসগোল্লা, ছানাবড়া পাঠিয়ে দেব।” এর পরেই রাজু বলেন, ““এই বছর যেন ভোট নষ্ট না হয়। পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, খাতায় সব এন্ট্রি করা থাকবে। কোন বাড়ির কে (কোন চিহ্নে) ভোট দিচ্ছে, আমাদের ক‍্যামেরা থাকবে।“


Share