Assembly Election

বিধানসভা ভোটের আগে রাজ্যে আরও চার হাজার ৬৬০ নতুন বুথ, বদলাচ্ছে ৩২১ টি ভোটকেন্দ্রের ঠিকানা

কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব বুথে ভোটারের সংখ্যা এক হাজার ২০০-এর বেশি, সেখানে সহায়ক বুথ তৈরি করা হচ্ছে যাতে ভোটগ্রহণে ভিড় কমে এবং ভোটারদের সুবিধা হয়। এই পরিকল্পনার অংশ হিসেবেই নতুন বুথ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৪:৫৪

রাজ্যে বিধানসভা ভোটের আগে ভোটকেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। অতিরিক্ত চার হাজার ৬৬০টি বুথ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৮০ হাজার ৬৮১। নতুন বুথ চালু হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৮৫ হাজার ৩৭৯। পাশাপাশি ৩২১টি বুথের অবস্থানও পরিবর্তন করা হবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব বুথে ভোটারের সংখ্যা এক হাজার ২০০-এর বেশি, সেখানে সহায়ক বুথ তৈরি করা হচ্ছে যাতে ভোটগ্রহণে ভিড় কমে এবং ভোটারদের সুবিধা হয়। এই পরিকল্পনার অংশ হিসেবেই নতুন বুথ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, নতুন বুথ তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত সব নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। বিশেষ করে ২০২০ সালের বুথ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশিকা অনুসরণের কথা বলা হয়েছে।

যেসব বুথ অন্যত্র সরানো হচ্ছে, সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট বুথের প্রত্যেক ভোটারকে ব্যক্তিগতভাবে নতুন ঠিকানার খবর জানাতে হবে। একজন ভোটারও যাতে এই তথ্য না জেনে না থাকেন, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

কমিশনের নির্দেশ, নতুন বুথ তৈরি ও বুথের ঠিকানা পরিবর্তনের বিষয়টি স্থানীয় স্তরে ব্যাপকভাবে প্রচার করতে হবে। একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলকেও লিখিতভাবে নতুন বুথ সংক্রান্ত তথ্য জানাতে হবে। সংশ্লিষ্ট নির্বাচন আধিকারিকদেরও পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করতে হবে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ৪ মে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই কারণেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল শনিবার থেকে জেলা সফর শুরু করছেন। ভোটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বুথ পরিকাঠামো খতিয়ে দেখা হবে জেলায় জেলায়।

এ বার ভোটে নিরাপত্তা বিধিও আরও কড়া। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা নজরদারি এবং ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে। 


Share