Digha Incident

দিঘায় অল্পের জন্য বড় বিপদ এড়াল দুই পর্যটক, তালসারির ঘটনার পর বাড়ছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দিঘার ক্ষণিকা ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যেতে বসেন বাবা-মেয়ে। তবে নুলিয়াদের তৎপরতায় প্রাণে রক্ষা পান দু’জনেই।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, দিঘা
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৫:০২

সম্প্রতি তালসারি সমুদ্র সৈকতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের জলে তলিয়ে মৃত্যু হয়েছে। এ বার আবারও দিঘাতে বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে। বুধবার সকালে নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যেতে বসেন দুই পর্যটক। ফলে সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, সুশীল মুখোপাধ্যায় (৪৫) এবং তাঁর মেয়ে স্বপ্না মুখোপাধ্যায় (২৩) সমুদ্রে নামার পর আচমকাই বিপদে পড়েন। প্রথমে স্বপ্না ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যেতে থাকেন। মেয়েকে বাঁচাতে গিয়ে সুশীল আরও গভীরে চলে যান। পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে ওঠে। দু’জনেই জলের নিচে তলিয়ে যেতে থাকেন।

তবে উপস্থিত নুলিয়াদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দ্রুত সমুদ্রে নেমে তাঁরা দু’জনকে উদ্ধার করে। পরে তাঁদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন থাকলেও দু’জনের অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, সমুদ্রসৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর দাবি, অনেক সময় পর্যটকেরাই সতর্কতা উপেক্ষা করে বিপদের মুখে পড়েন। তাই নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

উল্লেখযোগ্য ভাবে, গত ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।

একাধিক ঘটনার জেরে দিঘা ও তালসারির মতো জনপ্রিয় সমুদ্রসৈকতগুলিতে পর্যটকদের নিরাপত্তা এবং সচেতনতা—দুই নিয়েই নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে প্রশাসন।


Share