TMC Leader Arrested

উত্তরাখণ্ড থেকে গ্রেফতার বেচারাম মান্নার ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধান, সিন্ডিকেট ও তোলাবাজির অভিযোগ

সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্নার ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দনপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান জামিরুল হক হালদারকে উত্তরাখণ্ডের আলমোড়া থেকে গ্রেফতার করল পুলিশ। সিন্ডিকেট, ফ্লাই অ্যাশ দিয়ে সরকারি জমি ভরাট, তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে গত জুনে মামলা হয়েছিল।

উত্তরাখন্ড থেকে গ্রেফতার তৃণমূলের প্রধান।
নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুর
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ০৮:০৯

সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না। তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জামিরুল হক হালদার। তাঁকে সিঙ্গুর থানার পুলিশ উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করেছে। সিন্ডিকেট রাজ, ফ্লাই অ্যাশ দিয়ে বেআইনি ভাবে সরকারি নিচু জমি ভরাট, তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুন মাসে সিঙ্গুর থানায় এই অভিযোগ দায়ের হয়। অভিযোগের পর থেকেই এলাকা ছাড়া ছিলেন জামিরুল। তদন্তে নেমে তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে উত্তরাখণ্ডের আলমোড়ায় তাঁর অবস্থান সম্পর্কে পুলিশ জানতে পারে। এরপর সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর অভিযুক্তকে আলমোড়া জেলা আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয়। এরপর তাঁকে সিঙ্গুরে নিয়ে আসে পুলিশ।

সোমবার জামিরুল হক হালদারকে চন্দননগর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে এবং অভিযোগের পিছনে আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।


Share