Arrest

সরকারি আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, পরিবারের ছ'জনের নামে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ওই ছয় জনের নামে সরকারি আবাসনের অনুমোদন করিয়ে বরাদ্দ অর্থের একটি বড় অংশ আত্মসাৎ করা হয়। তদন্তে নেমে প্রয়োজনীয় নথি ও তথ্যপ্রমাণ সংগ্রহের পর বৃহস্পতিবার জালাল উদ্দিন শেখকে গ্রেফতার করে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০২:৫৯

সরকারি আবাসন প্রকল্পে অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগে গ্রেফতার করা হল মুর্শিদাবাদের বহরমপুর এলাকার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। ধৃতের নাম জালাল উদ্দিন শেখ। তাঁকে গ্রেফতার ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্য থাকাকালীন জালাল উদ্দিন শেখ ক্ষমতার অপব্যবহার করে ‘বাংলা আবাস যোজনা’র সুবিধাভোগীর তালিকায় নিজের পরিবারের ছয় সদস্যের নাম অন্তর্ভুক্ত করান। অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ওই ছয় জনের নামে সরকারি আবাসনের অনুমোদন করিয়ে বরাদ্দ অর্থের একটি বড় অংশ আত্মসাৎ করা হয়। তদন্তে নেমে প্রয়োজনীয় নথি ও তথ্যপ্রমাণ সংগ্রহের পর বৃহস্পতিবার জালাল উদ্দিন শেখকে গ্রেফতার করে পুলিশ।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত পঞ্চায়েত সদস্য। তাঁর দাবি, “আমার বয়স্ক মা, স্ত্রী, বোন সহ বাকিরা ওই ঘরগুলি পেয়েছিল। সার্ভে হয় ২০১৮ সালে, তখন থেকেই ওদের নাম ছিল। ঘর সরকার দিয়েছে, আমার নামে কোনও ঘর নেই। আমাকে কী কারণে গ্রেফতার করল, সেটা আমি বুঝতে পারছি না।”

শুক্রবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন খারিজ করে আদালত। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


Share