TMC Leader Arrested

সমাজমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বাড়ি সাজানোর টোপ, আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত তৃণমূল নেতা

অভিযোগ, টাকা নেওয়ার পর দীর্ঘদিন কেটে যায়। তবুও বাড়ির কোনও কাজ শুরু হয়নি। পরে বিভিন্ন অজুহাতে সময় কাটিয়ে দেওয়া হয়। পরে অভিযুক্তরা ফোন বন্ধ করে দেয় বলেও দাবি অভিযোগকারিণীর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বারাসত
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৩:৫৪

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকে গত কয়েক দিনে প্রতারণার অভিযোগে একাধিক তৃণমূল নেতা-কর্মীর নাম সামনে এসেছে। এ বার সমাজমাধ্যমে স্বল্প খরচে বাড়ি সাজানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে এক তৃণমূল নেতা গ্রেফতার হল। ধৃতের নাম তপু মণ্ডল। তিনি শাসনের ফলতি–বেলিয়াঘাটা এলাকার তৃণমূল বুথ সভাপতি ছিলেন। শুক্রবার রাতে তাঁকে শাসন থানার পুলিশ গ্রেফতার করে। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয়। বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে কলকাতার তেঘরিয়ার বাসিন্দা পল্লবী রায় সমাজমাধ্যমে বাড়ি সাজানোর একটি বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে দেওয়া নম্বরে তিনি যোগাযোগ করেন। তারপর শাসনে গিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর কথাবার্তাও হয়। অভিযোগ, দ্রুত কাজ শুরু করে দেওয়ার আশ্বাস তাঁকে দেওয়া হয়। এরপর থেকে ধাপে ধাপে অনলাইন ও নগদ মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা নেওয়া হয়।

অভিযোগ, টাকা নেওয়ার পর দীর্ঘদিন কেটে যায়। তবুও বাড়ির কোনও কাজ শুরু হয়নি। পরে বিভিন্ন অজুহাতে সময় কাটিয়ে দেওয়া হয়। পরে অভিযুক্তরা ফোন বন্ধ করে দেয় বলেও দাবি করেছেন অভিযোগকারিণী। এরপর শাসন থানায় পল্লবী রায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে শুক্রবার রাতে তপু মণ্ডলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েক জন জড়িত থাকতে পারে। পুরো ঘটনার নেপথ্যে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগকারিণী পল্লবী রায়ের দাবি, ধাপে ধাপে তাঁর কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নেওয়া হয়েছে। তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত কয়েক দিনে প্রতারণার অভিযোগে একাধিক তৃণমূল নেতা-কর্মীর নাম সামনে এসেছে। এ বার সমাজমাধ্যমে বাড়ি সাজানোর বিজ্ঞাপনকে হাতিয়ার করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন হলেন এক তৃণমূল বুথ সভাপতি।


Share