TMC Leader Arrested

তোলাবাজি ও মারধরের অভিযোগে ধৃত তৃণমূল নেতা, কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ

পুলিশ সূত্রে দাবি, দীর্ঘদিন পলাতক থাকার পর কৌশিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে।

গ্রেফতার তৃণমূল নেতা কৌশিক মণ্ডল ওরফে মান্তু।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১১:০২

হুগলির কামারপুকুরে গ্রেফতার তৃণমূল নেতা কৌশিক মণ্ডল ওরফে মান্তু। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, মারধর এবং জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। শনিবার তাঁকে আরামবাগ আদালতে পেশ করে পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁর কোমরে দড়ি বাঁধা ছিল। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌশিক মণ্ডল কামারপুকুর অঞ্চলের তৃণমূল সভাপতি। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তোলাবাজি, মারধর এবং জমি সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন। অবশেষে ঝাড়খণ্ডের রাঁচি থেকে তাঁকে গোঘাট থানার পুলিশ গ্রেফতার করে।

স্থানীয় রাজনৈতিক মহলে কৌশিকের পরিচিতি যথেষ্ট প্রভাবশালী। তিনি গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তনুশ্রী মণ্ডলের স্বামী।কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘনিষ্ঠ বলেও পরিচিত। উল্লেখ্য, কয়েকদিন আগেই তোলাবাজির অভিযোগে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে গ্রেফতার হন। এরপর থেকেই কৌশিক পলাতক ছিলেন বলে জানা যায়।

শনিবার আদালতে নিয়ে যাওয়ার আগে তনুশ্রী মন্ডল গোঘাট থানায় স্বামীর সঙ্গে দেখা করতে আসেন। পরে কৌশিককে কোমরে দড়ি বেঁধে পুলিশ আদালতে নিয়ে যায়।

রাজ্যে অপরাধ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা প্রশাসন আগেই জানিয়েছে। সেই নীতির অংশ হিসেবেই বিভিন্ন এলাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এর আগে উত্তর হাওড়ার আকাশ সিং এবং বীজপুরের তৃণমূল যুব নেতা বনিকেও গ্রেফতার করা হয়েছিল। এরপর একইভাবে প্রকাশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। মারধর, লুট, দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে ধৃত একাধিক ব্যক্তির বিরুদ্ধে রাজ্যজুড়ে এই ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে।


Share