TMC Councillor Arrested

লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে যাওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর-সহ দু’জন

ঘটনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ পার্থসারথি গুপ্ত ও বিজয় সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

(বাঁ দিক থেকে) কল‍্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত রায় এবং পার্থসারথি গুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১২:০৩

লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। এমনই অভিযোগ নিয়ে শুক্রবার শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগে দায়ের করেছিলেন উর্মিলা দেবী। ঘটনার তদন্তে করে পদক্ষেপ করল শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনায় রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি গুপ্ত ওরফে পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে তিনি শ্রীরামপুরের তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। এ ছাড়াও, বিজয় সাউ নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। 

রিষড়ার বাসিন্দা উর্মিলা দেবী অভিযোগ করেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাঁর নামে বরাদ্দ টাকা তিনি পাননি। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে তিনি একাধিক বার গিয়েছিলেন। তখন কোনও সমাধান মেলেনি। পরে ব্যাঙ্কে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর প্রাপ্য অর্থ বিজয় সাউ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে যাচ্ছে।

অভিযোগ, বিষয়টি সামনে আসার পর তাঁকে পাঁচ হাজার টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। যদিও সেই টাকা নিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে উর্মিলা দেবী দাবি করেন। এরপর তিনি শুক্রবার শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শ্রীরামপুর থানার পুলিশ। তদন্তের পর তৃণমূল কাউন্সিলর পার্থসারথি গুপ্ত ও বিজয় সাউকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও সরকারি প্রকল্পের অর্থ বণ্টন সংক্রান্ত অনিয়মে জড়িত থাকার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও এক কাউন্সিলরের গ্রেফতারিকে কেন্দ্র করে শ্রীরামপুর থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। সেই সময় থানার আইসির ভূমিকা নিয়ে কটাক্ষ করে তাঁকে ‘সুন্দরবনের সিংঘম’ বলেও তিনি মন্তব্য করেছিলেন।

এবার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত রিষড়ার কাউন্সিলর পাপ্পুর গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। গোটা বিষয়টির তদন্ত চলছে।


Share