TMC Leader Arrested

কর্নাটক থেকে ট্রানজিট রিমান্ডে আনা হল প্রাক্তন তৃণমূল বিধায়ককে, থানার বাইরে বিক্ষোভ, উঠল ‘চোর’ স্লোগান

গত ১১ ই জুন ধানিয়াখালির কোটালপুর এলাকায় তার বাড়ি লাগোয়া বিবেকানন্দ টিচার্স ট্রেনিং কলেজ (প্রাক্তন বিধায়কের মালিকানাধীন) থেকে সরকারি লোগো দেওয়া ত্রিপল, কম্বল, ডাস্টবিন-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছিল। ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধনিয়াখালি থানার অভিযোগ দায়ের হয়।

তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে আনা হল হুগলিতে।
নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০১:১৯

কর্নাটকের সাহাপুর থানা এলাকা থেকে গ্ৰেফতার করা হয়েছিল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে। রবিবার রাতে সেখান থেকে তিন দিনের ট্রানজিট রিমান্ডে ধনিয়াখালি থানায় নিয়ে আসা হয়। তাঁকে নিয়ে আসতেই থানার বাইরে বিক্ষোভ শুরু হয়। সোমবার সকালে তাঁকে আদালতে হাজির করানো হবে। 

পুলিশ সূত্রের খবর, গত ১৯শে জুলাই পুলিশের একটি বিশেষ দল কর্নাটকের রামেন্দু সিংহ রায়ের খোঁজে যায়। সেখানে থেকে পলাতক প্রাক্তন তৃনমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় ও তার এক সহযোগীকে পুলিশ গ্ৰেফতার করে। এরপর ট্রানজিট রিমান্ড নিয়ে পুলিশ রামেন্দু সিংহ রায়কে রবিবার সন্ধ্যায় ধনিয়াখালি থানায় নিয়ে আসে।

রামেন্দু আসার আগে থেকেই থানার সামনে জড়ো হয়েছিল এলাকার লোকজন। ধৃত রামেন্দু সিংহ রায়কে নিয়ে থানায় ঢোকার সময় বিক্ষোভে ফেটে পড়েন সকলে। তাঁকে লক্ষ‍্য করে ছোঁড়া হয় ডিম। বিক্ষোভকারীরা ‘চোর চোর’ স্লোগান তোলেন। তাঁকে জুতোর মালা পরাতে না পেরে সেটাও ছুঁড়ে মারে তাঁরা। আগামী কাল ধৃত প্রাক্তন তৃনমূল বিধায়ককে চুঁচুড়া আদালতে নিয়ে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত প্রাক্তন তৃনমূল বিধায়ক ঘটনার পরের দিন থেকেই পলাতক। তারকেশ্বর থেকে চলে ওড়িশা চলে যান। সেখান থেকে যান বিশাখাপত্তনম। সেখান থেকে হায়দ্রাবাদ, তারপর কর্নাটকের সাহাপুরে যান। এমনকী, পুলিশের হাত থেকে বাঁচতে অভিযুক্ত রামেন্দু সিংহ রায় স্মার্ট ফোন ছেড়ে ব্যবহার ছোট ফোন করেছিলেন। ফলে তার টাওয়ার লোকেশন চিহ্নিত করতে তদন্তকারীদের বেগ পেতে হয়। তারপরেও হল না শেষ রক্ষা। অবশেষে কর্নাটকের সাহাপুর থেকে তাকে গ্ৰেফতার করতে সমর্থ হয় পুলিশ। 

উল্লেখ্য, গত ১১ ই জুন ধানিয়াখালির কোটালপুর এলাকায় তার বাড়ি লাগোয়া বিবেকানন্দ টিচার্স ট্রেনিং কলেজ (প্রাক্তন বিধায়কের মালিকানাধীন) থেকে সরকারি লোগো দেওয়া ত্রিপল, কম্বল, ডাস্টবিন-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছিল। ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধনিয়াখালি থানার পুলিশ, বেআইনিভাবে ত্রানসামগ্রী মজুত রাখা, হুমকি-সহ একাধিক ধারায় মামলা তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ একাধিক ব্যক্তির  নামে মামলার রুজু করে পুলিশ। পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করে পুলিশ।


Share