TMC Leader Arrested

পুরসভায় ফাইল লোপাট, সরকারি আধিকারিককে হুমকি, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান ফিরোজ খান গ্রেফতার

এই ফিরোজের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। ২০২০ সালে তেলিনিপাড়ায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনাতেও মদত দেওয়ার অভিযোগ রয়েছে এই ফিরোজ খানের বিরুদ্ধে। পাশাপাশি এলাকায় জমি দখলেরও অভিযোগ রয়েছে। তৃণমূল জমানায় এলাকায় ফিরোজ প্রভাবশালী ছিল।

তৃণমূল নেতা ফিরোজ খান গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১১:০৪

পুরসভায় ফাইল লোপাট হয়ে গিয়েছে। তা বলতেই সরকারি আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম ফিরোজ খান। এ ছাড়াও, রামনবমীর মিছিলে অশান্তিতে মদত দেওয়ার অভিযোগ রয়েছে এই ফিরোজ খানের বিরুদ্ধে। তাঁকে শনিবার আদালতে হাজির করানো হবে।

ভদ্রেশ্বর পুরসভা সূত্রের খবর, বেশ কিছুদিন কয়েকটি ফাইল পাওয়া যাচ্ছিল না। সেই সমস্ত নথি খুঁজে না পাওয়ায় পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজকে বলা হয়। গত দিন দু-এক আগে ফাইল লোপাট নিয়ে পুরসভার গিয়ে ফিরোজ ঝামেলায় জড়িয়ে পড়েন। পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে। এর পরেই ভদ্রেশ্বর পুরসভার ওই আধিকারিক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে শনিবার চন্দননগর আদালতে হাজির করানো হবে।

ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকার তৃনমূল নেতা এই ফিরোজ খান। গত ২০২২ সালে পুরসভা নির্বাচনে নির্বাচিত হন ফিরোজ। তাঁকে দল পুরসভার ভাইস চেয়ারম্যান করে। চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের আস্থাভাজন ছিলেন এই ফিরোজ খান।

এই ফিরোজের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। ২০২০ সালে তেলিনিপাড়ায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনাতেও মদত দেওয়ার অভিযোগ রয়েছে এই ফিরোজ খানের বিরুদ্ধে। পাশাপাশি এলাকায় জমি দখলেরও অভিযোগ রয়েছে। তৃণমূল জমানায় এলাকায় ফিরোজ প্রভাবশালী ছিল।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুরে ফিরোজ খানকে থানায় ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না। তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিতে পারেননি। পরে তাকে গ্রেফতার করে। তদন্তে স্বার্থে পুলিশ তাঁকে হেফাজতে নিতে পারে বলে জানা গিয়েছে। 

উল্লেখ্য, গতকালই ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ আটজন তৃনমূল কাউন্সিলর পদত্যাগ করেন। ভদ্রেশ্বর পুরসভায় ২২টি ওয়ার্ড রয়েছে। গত নির্বাচনের নিরিখে বিরোধী শূন্য ছিল এই পুরসভা। তবে বিধানসভা নির্বাচনে তৃনমূলের ভরাডুবি হতেই পরিস্থিতি বদল হতে শুরু করে। পুরসভা নির্বাচনের অনেক আগেই ভদ্রেশ্বর পুরসভার তৃণমূলে আরও ভাঙন হতে পারে বলে মনে করা হচ্ছে।


Share