Tiger Attack

সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলা, নিখোঁজ মউলে

সুন্দরবনের কলসদ্বীপ সংলগ্ন জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের হামলার শিকার হলেন এক মউলে। বাঘ তাঁকে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, সুন্দরবন
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০১:১৩

সুন্দরবনের জঙ্গলে ফের বাঘের হামলার ঘটনা সামনে এল। মধু সংগ্রহ করতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণের শিকার হয়েছেন এক মউলে। জানা গিয়েছে, সুন্দরবনের কলসদ্বীপ সংলগ্ন জঙ্গলে এই ঘটনা ঘটেছে। হামলার পর বাঘ ওই ব্যক্তিকে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যায়। ঘটনার পর বন দফতরের কর্মীরা তল্লাশি শুরু করে। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি।

নিখোঁজ মউলের নাম ভানু ভক্তা। তিনি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের পশ্চিম দ্বারিকাপুর এলাকার বাসিন্দা। বৈধ অনুমতি নিয়ে আরও ১১ জন মউলের সঙ্গে তিনি মধু সংগ্রহের উদ্দেশ্যে কলসদ্বীপ লাগোয়া জঙ্গলে প্রবেশ করেছিলেন। দলে তিনজন মহিলা সদস্যও ছিলেন।

সহযাত্রীদের বর্ণনা অনুযায়ী, জঙ্গলের ভিতরে সবাই যখন মৌচাক খুঁজতে ব্যস্ত ছিলেন, সেই সময় আচমকা একটি রয়্যাল বেঙ্গল টাইগার ভানুর উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘটি তাঁর ঘাড়ে কামড় বসায়। মুহূর্তের মধ্যে তাঁকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়।

ভানুর সঙ্গীরা চিৎকার শুনে ছুটে আসে। লাঠি দিয়ে বাঘটিকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু বাঘটি বারবার তাদের দিকেই তেড়ে আসে। ফলে তাঁরা ভানুকে উদ্ধার করতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই বাঘটি ভানুকে নিয়ে জঙ্গলের গভীরে অদৃশ্য হয়ে যায়।

এই ঘটনার মতোই তাঁর সাথে জড়িয়ে রয়েছে এক অতীতও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২ বছর আগে ভানুর স্ত্রী রুমকি ভক্তাও সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় প্রাণ হারিয়েছিলেন। কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে তিনি বাঘের মুখে পড়েন। ঘটনার দু’দিন পরে তাঁর দেহ উদ্ধার করা হয়েছিল।

বর্তমান ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। তিনি জীবিত রয়েছেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।


Share