Political Chaos

আবাস যোজনার টাকা থেকে ‘কাটমানি’! সোনারপুরে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও, ক্ষুব্ধ গ্রামবাসীদের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ

বিক্ষোভের সময় তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তাঁর স্ত্রী বিক্ষোভকারীদের সামনে এসে সমস্ত টাকা ধীরে ধীরে ফেরত দেওয়ার আশ্বাস দেন।

গ্রামবাসীদের বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, সোনারপুর
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৯:২২

সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা আদায়ের অভিযোগে উত্তাল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সাঙ্গুর গ্রাম। অভিযোগ, আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে এলাকার বাসিন্দাদের কাছ থেকে দু'হাজার থেকে ২৪ হাজার টাকা, এমনকি কোনও কোনও ক্ষেত্রে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। শুধু সরকারি প্রকল্প নয়, জমি বিক্রি বা পারিবারিক ও প্রতিবেশী বিবাদ মেটানোর ক্ষেত্রেও টাকা দিতে হত বলে দাবি স্থানীয়দের।

শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত তৃণমূল নেতা উপেন্দ্র মণ্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তবে বিক্ষোভের সময় তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তাঁর স্ত্রী বিক্ষোভকারীদের সামনে এসে সমস্ত টাকা ধীরে ধীরে ফেরত দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত উপেন্দ্র মণ্ডল আবাস যোজনার প্রকৃত উপভোক্তাদের কাছ থেকেও টাকা আদায় করতেন। গ্রামের প্রায় ৫০ থেকে ৬০ জনের কাছ থেকে পাঁচ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। সরকারি প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকলেই তিনি সেই টাকার অংশ দাবি করতেন বলেও অভিযোগ উঠেছে।

এক বিক্ষোভকারী জানান, তাঁদের জব কার্ড, রেশন কার্ড-সমেত গুরুত্বপূর্ণ নথিও অভিযুক্ত নেতা নিজের কাছে রেখে দিয়েছেন। দ্রুত টাকা ফেরত না দিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

অভিযোগকারীদের আরও দাবি, উপেন্দ্র যে অর্থ সংগ্রহ করতেন, তার একটি অংশ স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রশান্ত সর্দারের কাছেও যেত। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রশান্ত। তাঁর দাবি, তিনি কোনও টাকা নেননি এবং উপেন্দ্র যা করেছেন, তার দায় সম্পূর্ণ তাঁরই।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন গ্রামবাসীদের প্রশ্ন, আদায় করা অর্থের ভাগ আর কার কার কাছে পৌঁছেছে এবং তাঁদের সমস্ত টাকা আদৌ ফেরত মিলবে কি না। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।


Share