TMC

জরাজীর্ণ ফ্ল্যাট বাড়িতেই গোপন সুড়ঙ্গ! বিলাসবহুল সামগ্রীতে ভর্তি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে চোখ কপালে উঠল পুলিশের

পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বাড়ির গ্রাউন্ড ফ্লোরের মেঝে কাঠ দিয়ে তৈরি। তাতেই সন্দেহ হয় পুলিশের। ফ্লোরের পাটাতন সরাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। দেখা যায়, নীচে নামার একটি সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে নীচে নামতেই দেখা যায় এক বিশাল বেসমেন্ট।

জরাজীর্ণ ফ্ল্যাট বাড়ির সুড়ঙ্গের ভিতর বিলাসবহুল সামগ্রী।
নিজস্ব সংবাদদাতা, শিবপুর
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৯:২৭

জরাজীর্ণ ফ্ল্যাটবাড়ি। সেই বাড়ির ভিতরেই ‘গোপন সুড়ঙ্গ’। সুড়ঙ্গের দরজা খুলেতেই ভিতরে মিলল দামি ফার্নিচার থেকে শুরু করে বিলাসবহুল সামগ্রী। ভোট-পরবর্তী হিংসা ও হাওড়ার শিবপুরে চওড়াবস্তি এলাকায় বোমাবাজির ঘটনায় অভিযুক্ত শামিম আহমেদ ওরফে বড়ে। সে ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত। তাঁর স্ত্রী শামিমা বানো এলাকার প্রাক্তন কাউন্সিলর। আদালতের নির্দেশে মঙ্গলবার তাঁর বাড়িতে তল্লাশি পুলিশ চালায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বাড়ির গ্রাউন্ড ফ্লোরের মেঝে কাঠ দিয়ে তৈরি। তাতেই সন্দেহ হয় পুলিশের। ফ্লোরের পাটাতন সরাতেই পুলিশের চোখ কপালে উঠেছে। সেখানে তাঁরা দেখেন, নীচে নামার একটি সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে নীচে নামতেই দেখা যায়, একটি বিশাল বেসমেন্ট। সেখানে ঠাসা ছিল দামি আসবাবপত্র, দামি ফ্রিজ়, সোফা-সহ আরও অনেক কিছু। সেখান থেকে নিয়ন্ত্রিত হত সম্পূর্ণ বাড়ির সিসিটিভি ক্যামেরা। এমনকী, সেখানে একটি গোপন সুড়ঙ্গও ছিল বলে সূত্রের খবর। ইতিমধ্যে সমাজমাধ‍্যমে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

গত ৮ মে শিবপুর চওড়াবস্তি এলাকায় বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনায় এলাকা উত্তপ্ত হয়েছিল। বিজেপির অভিযোগ ছিল, এলাকা দখল ও আতঙ্ক ছড়াতে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা এই হামলা চালায়। দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেই আদালতের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শামিম আহমেদের বাড়িতে পুলিশ অভিযান চালায়। তল্লাশির সময়ে পুলিশ একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। আপাতত বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। তবে সেখান থেকে কোনও বিস্ফোরক বা অস্ত্র উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

তবে পুলিশ সাফ জানিয়ে দিয়েছে যে, ভাইরাল ফুটেজগুলি সত্যি হলেও আরও একটি গোপন সুড়ঙ্গের দাবি ভুল। বর্তমানে শামিম ও তার পরিবারের সদস্যরা পলাতক। পুলিশ তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে গোপন ছবি ভাইরাল করার পিছনে কারা রয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


Share