Kali Puja

কালী পূজোয় বক্স বন্ধ করা ঘিরে বচসা, দু’পক্ষের হাতাহাতি, চুঁচুড়ায় জখম বেশ কয়েক জন

এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানার পুলিশ সেখানে পৌঁছোয়। সাউন্ড বন্ধ করার নির্দেশ দেয়।

প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৩:০৪

কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে চুঁচুড়ায় উত্তেজনা ছড়াল। চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালের পাশের হরিজন পল্লীতে কালীপুজোর বিসর্জন ছিল। গভীর রাতে বক্স বন্ধ করা নিয়ে পুজো কমিটির সদস্যদের মধ্যেই বচসা শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতেও পৌঁছোয়। ঘটনায় কয়েক জন আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবছরও হরিজন পল্লীতে বাৎসরিক কালীপুজোর আয়োজন করা হয়েছিল। সোমবার গভীর রাতে বিসর্জনের প্রস্তুতি করা হচ্ছিল। সেই সময় রাত বারোটার পরেও উচ্চস্বরে বক্স বাজিয়ে নাচ চলছিল বলে অভিযোগ ওঠে। এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানার পুলিশ সেখানে পৌঁছোয়। সাউন্ড বন্ধ করার নির্দেশ দেয়।

অভিযোগ, পুজো কমিটির একাংশ পুলিশের নির্দেশ মেনে বক্স বন্ধ করে বিসর্জনের প্রস্তুতি শুরু করে। কিন্তু অন্য একটি অংশ বক্স চালু রাখার পক্ষেই ছিল। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা বাধে।পরে তা হাতাহাতি ও মারামারির আকার নেয়। সংঘর্ষে কয়েক জন আহত হন।

হরিজন পল্লীর বাসিন্দা তথা তৃণমূল আইনটিইউসির নেতা বিনোদ হরিজন ওই পুজোর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাঁর অভিযোগ, তাঁর কয়েকজন আত্মীয়কে মারধর করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন বিনোদ হরিজনের ভাইপো তুষার হরিজন ও তাঁর স্ত্রী রাজশ্রী বিশ্বাস। তাঁদের দাবি, তাঁদের উপর হামলা চালানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার হরিজন পল্লীতে যান চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অসিত মজুমদার বলেন, “আমি ১৫ বছর চুঁচুড়ার বিধায়ক ছিলাম। এ ধরনের ঘটনা কখনও হয়নি। বিজেপি জেতার পর থেকেই এসব শুরু হয়েছে।”

অন্যদিকে, পল্লীরই বাসিন্দা বিক্রম হরিজনের দাবি, ঘটনায় কোনও রাজনৈতিক রং নেই। তাঁর কথায়, “পুজো শান্তিপূর্ণ ভাবেই চলছিল। পুলিশ বক্স বন্ধ করতে বলার পর আমরা তা বন্ধ করে দিয়েছিলাম। এরপর বিনোদ ও রাজেন এসে ফের বক্স বাজানোর কথা বলে। তারপর পুজো কমিটির সদস্যদের মধ্যেই মারামারি শুরু হয়।”

ঘটনাকে কেন্দ্র করে পাল্টা তৃণমূলকেই দুষেছেন চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ। তিনি বলেন, “শহরে যা কিছু অশান্তি হচ্ছে, তার জন্য তৃণমূলই দায়ী। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। বিজেপি কোনও ধর্মীয় স্থানে গন্ডগোল করে না, কারণ বিজেপি ধর্ম মেনে চলে।”

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।


Share