Mongola Haat

হাওড়ার মঙ্গলা হাটে অস্থায়ী ব্যবসায়ীদের বিক্ষোভ, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

তাঁদের দাবি, প্রশাসনের তরফে হঠাৎ করে ব্যবসা করতে বাধা দেওয়া হচ্ছে। ফলত তাঁদের জীবিকা সংকটের মুখে পড়েছে। তাই তাঁরা প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

বহু ব্যবসায়ী একত্রে বিক্ষোভে সামিল হন।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৪:৩৮

হাওড়ার অতি পরিচিত হাট মঙ্গলা হাট। কিছুদিন আগেই যেখানে ভিন্ন চিত্র চোখে পড়ে। রাস্তার ধারে দু'পাশারি দোকানের পরিবর্তে শুধুমাত্র ফুটপাতে ব্যবসায়ীদের বসতে দেখা যায়। এই এলাকাতেই অস্থায়ী ব্যবসায়ীদের বিক্ষোভ করতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার সৃষ্টি হয়। ব্যবসায়ীরা পুলিশে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের রাস্তায় বসে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদ স্বরূপ বঙ্কিম সেতুর নীচে তাঁরা জড়ো হন। বহু ব্যবসায়ী একত্রে বিক্ষোভে সামিল হন।

খবর পেয়ে ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ পৌঁছোয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকেও গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাস্তার ধারে ব্যবসা করে আসছেন। সেই আয়ের উপরই তাঁদের পরিবার নির্ভরশীল। প্রশাসনের তরফে হঠাৎ করে ব্যবসা করতে বাধা দেওয়া হচ্ছে। ফলত তাঁদের জীবিকা সংকটের মুখে পড়েছে। তাই তাঁরা প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

বিক্ষোভের জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে।

হাওড়া মঙ্গলা হাট ব্যবসায়ী সমিতির মুখপাত্র সুদীপ বিশ্বাস বলেন, “প্রথমে আমাদের জানানো হয়েছিল ফুটপাতে বসে ব্যবসা করা যাবে। পরে হঠাৎ করেই বলা হয় আর বসা যাবে না। এই ব্যবসাই আমাদের একমাত্র সম্বল। আমরা সমস্ত নিয়ম মেনে ব্যবসা করতে প্রস্তুত। সরকারের কাছে আবেদন, আমাদের ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক।”


Share