Road Accident

খড়্গপুরে ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে গেল দুই গাড়ি, মৃত একজন, আহত ১৫

দুর্ঘটনার পর থেকে পলাতক ট্যাঙ্কারের চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ০৭:৫০

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থানার মাদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তার বাঁকে পর পর দু’টি মারুতি গাড়িতে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। সংঘর্ষের অভিঘাতে দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মাদপুর এলাকায় ঘটনাটি ঘটে। দু’টি মারুতি গাড়ি খড়্গপুরের দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তার একটি বাঁকের মুখে খড়্গপুর থেকে কলকাতাগামী ট্যাঙ্কারটি পর পর দু’টি গাড়িতে ধাক্কা মারে। জোরালো ধাক্কায় গাড়ি দু’টি রাস্তার অন্য দিকে ছিটকে যায়।

দুর্ঘটনার পরই ট্যাঙ্কার ফেলে চালক পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। গাড়ির ভিতর থেকে এক মহিলার দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম লতিকা দলসিংহ (৫৫)। তাঁর বাড়ি ঝাড়গ্রামের লালগড় থানার পাথর গেরিয়ায়।

দুর্ঘটনায় আহত ১৫ জনকে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর হওয়ায় পরিস্থিতি আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অন্য দিকে, দুর্ঘটনার পর থেকে পলাতক ট্যাঙ্কারের চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share