Minor Molestation

চকলেটের প্রলোভন দেখিয়ে ফাঁকা বাড়িতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছোন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। তাঁরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৭:৫৯

এক নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। জানা গিয়েছে, তাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে একটি ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। যদিও ঘটনাটি কয়েক দিন আগের, শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে।

অভিযোগ, চকোলেট দেওয়ার নাম করে ওই বৃদ্ধ নাবালিকাকে একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমনকী, এই বিষয়ে কাউকে জানালে নাবালিকার ভাইদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ভয় ও আতঙ্কের কারণে কয়েক দিন নাবালিকা কাউকে কিছু বলতে পারেনি। পরে মাকে পুরো ঘটনা জানায় সে। এরপরই পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সূত্রের খবর।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছোন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। তাঁরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক অনন্যা চক্রবর্তী জানান, নির্যাতিতা ও তার পরিবারের পাশে কমিশন রয়েছে এবং ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


Share