Murder Case

হাসনাবাদে আর্থিক অনটনের জেরে দুই মাসের শিশুকন্যাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ, গ্রেফতার নাবালিকা মা

পুলিশের জেরায় অভিযোগ স্বীকারের দাবি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে হোমে পাঠানো হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০১:৩৭

উত্তর ২৪ পরগনার হাসনাবাদে মায়ের বিরুদ্ধে সন্তানকে মেরে ফেলার অভিযোগ উঠেছে। আর্থিক অনটনের জেরে মাত্র দু'মাসের শিশুকন্যাকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এর ভিত্তিতে পুলিশ তার মাকে গ্রেফতার করেছে। রবিবার বলদেপোতা গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। প্রথমে শিশুটির মা দাবি করেছিলেন, তিনি দু'মাসের মেয়েকে বাড়ির বারান্দায় খাটে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। তিনি শৌচালয়ে গিয়েছিলেন। ফিরে এসে শিশুকে তিনি খাটে দেখতে পাননি। তখনই তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করে।

তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয়। নাবালিকার মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানিয়েছে, জেরার মুখে ওই কিশোরী নিজের অপরাধের কথা স্বীকার করেছে। তদন্তকারীদের দাবি, তার আরও একটি দু'বছরের কন্যাসন্তান রয়েছে। স্বামী ভিনরাজ্যে কাজ করেন। দীর্ঘদিনের তাঁদের আর্থিক সংকট রয়েছে। সেই কারণেই দ্বিতীয় সন্তানের লালনপালন নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। সেই কারণেই রবিবার সন্ধ্যায় পরিবারের অগোচরে ঘুমন্ত শিশুকন্যাকে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ।

বুধবার পুলিশ অভিযুক্ত নাবালিকা মাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে হোমে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার তদন্ত চলছে।


Share