Liquor Destroyed

ভোট পরেও কড়া নজরদারি, উলুবেড়িয়ায় উদ্ধার বিপুল চোলাই মদ, নষ্ট করা হল ৫৮ হাজার লিটার ফারমেন্টেড ওয়াশ

উলুবেড়িয়ার একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোলাই মদ, ফারমেন্টেড ওয়াশ ও মদ তৈরির সরঞ্জাম। পাশাপাশি সড়ক নিরাপত্তায় জোর দিয়ে হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধেও বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

উদ্ধার চোলাই মদ।
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া
  • শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৫:৫১

বিধানসভা নির্বাচনের আগে থেকেই দিকে দিকে তল্লাশি চলছে। নির্বাচনের পরও তার কোন কমতি নেই। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ফের বেআইনি চোলাই মদের কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল। দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় এই বেআইনি ব্যবসা রুখতে অভিযান চালানো হচ্ছিল। পুলিশের লাগাতার তৎপরতায় অনেকাংশে সেই কারবার বন্ধও হয়েছিল। তবে অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী গোপনে আবারও চোলাই মদের ব্যবসা শুরু করে। সেই সূত্র ধরেই বুধবার পুলিশ বড়সড় অভিযানে নামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার মদাই, শাঁখাভাঙা, ধুলোসিমলা-সহ একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ আইন মেনে উদ্ধার হওয়া সামগ্রী নষ্ট করে দেয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের দাবি, এই অভিযানে মোট ৫৮ হাজার লিটার ফারমেন্টেড ওয়াশ, ১৪ হাজার ৪০০ লিটার ডিসটিলড আইডি লিকার এবং ৪৫ প্যাকেট গুড় উদ্ধার হয়েছে। বেআইনি মদ তৈরির সঙ্গে যুক্তদের খোঁজে পুলিশ তদন্তও শুরু করেছে।

এদিকে শুধু চোলাই মদের বিরুদ্ধেই নয়, সড়ক নিরাপত্তা নিয়েও কড়া অবস্থান নিয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। হেলমেট ছাড়া বাইক চালানো রুখতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং চালিয়ে বাইক আরোহীদের সতর্ক করা হচ্ছে।

হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল জানান, সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই যাতে ট্রাফিক আইন মেনে চলেন এবং হেলমেট ব্যবহার করেন, সে বিষয়েই জোর দেওয়া হচ্ছে।


Share