Water Logged

বর্ষার বৃষ্টিতে ফের জলমগ্ন হাওড়ার জগাছা এলাকা, নিকাশি সমস্যায় ক্ষোভ, এলাকা পরিদর্শনে বিধায়ক রুদ্রনীল ঘোষ

বর্ষার বৃষ্টিতে ফের জলমগ্ন হাওড়ার জগাছার একাধিক এলাকা। নর্দমার নোংরা জল রাস্তায় উপচে পড়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে হাঁটু জল নেমে পরিদর্শন করেন শিবপুরের বিধায়ক তথা হাওড়া পুরসভার পরিচালন কমিটির সদস্য রুদ্রনীল ঘোষ।

এলাকা পরিদর্শনে বিধায়ক রুদ্রনীল ঘোষ।।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৫:২৫

রাজ্যে বর্ষা ঢুকেছে। আর বর্ষায় হাওড়ার জগাছার সেই পুরোনো ছবি। একাধিক এলাকায় জল জমার সমস্যা আবারও সামনে এসেছে। টানা বৃষ্টির জেরে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। নর্দমার নোংরা জল রাস্তায় উপচে পড়েছে। সেই জলের মধ্যে দিয়েই স্থানীয় বাসিন্দারা নিত্যদিনের কাজকর্মে বেরোতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে শিবপুরের বিধায়ক তথা হাওড়া পুরসভার পরিচালন কমিটির সদস্য রুদ্রনীল ঘোষ ঘটনাস্থলে  পৌঁছোন। তিনি নিজে রাস্তায় জমে থাকা নোংরা জলে নামেন। হাঁটু পর্যন্ত নোংরা জলে দাঁড়িয়ে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। দ্রুত সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা- সহ হাওড়ায় দফায় দফায় বৃষ্টি হয়েছে।তারপর জগাছার সাতাশি চ্যাংড়াজলা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শুক্রবার সকালে বিধায়কের সঙ্গে সেখানে যান হাওড়া পুরসভার কমিশনার, ইঞ্জিনিয়ার এবং পুরসভার অন্যান্য আধিকারিকরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি নিচু। তাই বছরের অধিকাংশ সময়ই জল জমে থাকে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নর্দমার জল রাস্তায় উঠে আসে। ফলত সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার দেখা যায়, রাস্তার পাশাপাশি কয়েকটি বাড়িতেও নোংরা জল ঢুকে পড়েছে। ছোট ছোট পড়ুয়ারা সেই জল পেরিয়েই স্কুল ও কোচিং সেন্টারে যাচ্ছে। এলাকার মানুষকে একইভাবে কর্মস্থলেও যেতে হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রায় পাঁচশো পরিবার কার্যত জলবন্দি অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা পুরসভাকে জানানো হয়েছে। তবে স্থায়ী কোনও সমাধান হয়নি। নোংরা জলের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও স্থানীয়রা দাবি করেছেন।

এলাকাবাসীর অভিযোগ শোনার পর বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, অতীতের পুরবোর্ডগুলি নিকাশি ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় কাজ করেনি। আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সমস্যা সমাধানে উদ্যোগ শুরু হয়েছে। দ্রুত জমে থাকা জল সরানোর ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে স্থায়ী সমাধানের দিকেও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।


Share