Arms Recovered

তিন বছরের শিশুর ইশারাতেই মিলল আগ্নেয়াস্ত্র! বহরমপুরে তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে পুলিশি অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি

ঘটনায় বেআইনি অস্ত্র মজুত রাখা এবং তথ্য গোপনের অভিযোগে অসীমের স্ত্রী টুপু সরকারকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৬:২৭

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। শুক্রবার গভীর রাতে খাগড়া পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসীম সরকার বহরমপুর শহরের যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে পুলিশ বাড়িতে পৌঁছোনোর আগেই অসীম সরকার ও তাঁর ঘনিষ্ঠ পাপাই ঘোষ এলাকা ছেড়ে পালিয়ে যান। সেই সময় বাড়িতে ছিলেন অসীমের মা, স্ত্রী টুপু সরকার এবং তাঁদের তিন বছরের সন্তান।

তল্লাশির সময় পুলিশ পরিবারের সদস্যদের কাছে অস্ত্রের খোঁজ জানতে চান। তাতে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। এরপর এক পুলিশকর্মী শিশুটির সঙ্গে কথা বলতে শুরু করেন। অভিযোগ, তখনই শিশুটি ঘরের এক কোণে রাখা প্লাস্টিকের বালতির দিকে গিয়ে ইশারা করে। পরে দেখা যায় ওই বালতির ভিতরে একটি ক্যারিব্যাগ ছিল। তার মধ্যে লুকিয়ে রাখা ছিল আগ্নেয়াস্ত্র। পুলিশ সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, সেখান থেকে তিনটি সাত এমএম পিস্তল, প্রায় ৯০ রাউন্ড সাত এমএম গুলি, ৫০ রাউন্ড নয় এমএম বোরের গুলি এবং চারটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। ঘটনায় বেআইনি অস্ত্র মজুত রাখা এবং তথ্য গোপনের অভিযোগে অসীমের স্ত্রী টুপু সরকারকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) সুশান্ত রাজবংশী এবং বহরমপুর থানার আইসি শুভাশিস ঘোষ উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে বিস্তারিত জানান।

এ দিকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় দাবি করেন, পাপাই ঘোষকে ইচ্ছাকৃত ভাবে মামলায় জড়ানো হচ্ছে। অন্য দিকে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন।


Share