Accident

কালবৈশাখীর দাপটে বিদ্যুতের খুঁটি ভেঙে বিপত্তি, গোরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল মহিলার

গোরুকে নিরাপদ আশ্রয়ে সরাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

ঝড়ে ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৩:১৮

কালবৈশাখীর দাপটে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হল। মৃতের নাম ভারতী সাঁতরা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত বড়শিমুলিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলের দিকে আচমকাই আকাশ কালো করে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতা দ্রুত বাড়তে থাকে। চারদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সেই সময় ভারতীর বাড়ির বাইরে একটি গোরু বাঁধা ছিল। ঝড়ের দাপট দেখে গোরুটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি বাইরে বের হন। অভিযোগ, ঠিক সেই সময়েই প্রবল ঝড়ে একটি বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। সেটি তাঁর উপর ভেঙে পড়ে।ঘটনাস্থলেই ভারতী গুরুতর জখম হন। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পরে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত হড় জানান, বিকেলে হঠাৎ করেই প্রবল ঝড় ওঠে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও শুরু হয়। সেই সময়ই এই দুঃখজনক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ঝড়ের সময় বিদ্যুৎ পরিকাঠামোর নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।


Share